অভিনেতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২১:৪৭
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) প্রায় ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা ওস্তাদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুর্নীতি দমন কমিশন এ চার্জশিট অনুমোদন করে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই চার্জশিট দায়ের করা হচ্ছে। দুদক জানায়, ২০১২ সালের দিকে মেসার্স অপূর্ব চলচ্চিত্রের ব্যানারে ছায়াছবি ‘ডাইরেক্ট অ্যাকশন’ ছায়াছবির প্রযোজক ওস্তাদ জাহাঙ্গীর আলম ছবিটি প্রযোজনার জন্য এফডিসির সঙ্গে একটি চুক্তিপত্র সম্পাদন করেন। ছায়াছবি নির্মাণের জন্য তিনি বাকিতে নেগেটিভ ও অন্যান্য মালামালসহ এফডিসির ফ্লোর ভাড়া করেন। ছবি মুক্তির সময় সর্বশেষ বকেয়ার পরিমাণ দাঁড়ায় ১৪ লাখ ৯৬ হাজার ২৮৩ টাকা। কিন্তু জাহাঙ্গীর আলম ঐ বকেয়া পরিশোধ না করে প্রতারণার আশ্রয় নিয়ে আত্মসাত করেন।