খাগড়াছড়ি সীমান্তে ২১টি স্থানে বেড়া নির্মাণ করতে চায় ভারত

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:১০
খাগড়াছড়ি জেলার রামগড়, মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্তের ২১টি স্থানে দেড়শ গজের মধ্যে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চায় ভারত। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রস্তাবিত স্থানগুলোর যৌথ পর্যবেক্ষণ কাজ সম্পন্ন করেছে। এ যৌথ পর্যবেক্ষণ ও পরিদর্শনে প্রস্তাবিত স্থানগুলোতে বেড়া নির্মাণে ভারতীয় দাবির যৌক্তিকতা সরেজমিনে খতিয়ে দেখা হয়। বাংলাদেশ সরকার চূড়ান্ত অনুমোদন দিলে ভারত ঐ স্থানগুলোতে বেড়া নির্মাণের কাজ শুরু করবে। রবিবার ত্রিপুরার সাবরুমে এ বিষয়ে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তের ওপারে ভারতের শিলাছড়ি এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতের প্রস্তাবিত ৯টি স্থানের যৌথ পর্যক্ষেণ প্রতিবেদন স্বাক্ষর হয়। সাবরুম রেভিনিউ রেস্ট হাউসে প্রায় ৪ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠকে সাত সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গুইমারা সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার লে. কর্নেল আবুল কালাম আজাদ। বিএসএফের পক্ষে ত্রিপুরার গকুলনগর রেঞ্জের ডিআইজি সঞ্জয় সিং লোদা প্রতিনিধিত্ব করেন।