পৃথক ঘটনায় তিনজন খুন

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:১২
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় তিনজন খুন হয়েছে। এর মধ্যে হাতিয়ায় ভাতিজার দায়ের কোপে চাচা এবং লৌহজং ও ঝিকরগাছায় দুই যুবক খুন হয়। এবিষয়ে আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর। মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার কালুরগাঁওয়ের খানকা শরীফের কাছের ডোবা থেকে অহিদুল ইসলাম মন্ডল নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পেটে ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরনে ছিল প্যান্ট-শার্ট। লৌহজং থানার এসআই মন্টু মন্ডল জানান, ধারণা করা হচ্ছে একদিন আগে তাকে অন্য কোথাও হত্যা করা হয়। নিহত অহিদুল ময়মনসিংহ জেলার ফুলপুরের আইনউদ্দিন মন্ডলের পুত্র। সে নারায়ণগঞ্জে সিএনজি স্কুটার চালাতো। হাতিয়া (নোয়াখালী) রবিবার সন্ধ্যায় পৌরসভার ৫নং ওয়ার্ডে মান্নান ডাক্তারের বাড়িতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজা মোঃ বাদশার দায়ের কোপে খুন হয়েছে চাচা মোঃ শাহাজান(৫৫)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাদশাকে গ্রেফতার করে থানা হাজতে নিয়ে যায়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খোরশেদ আলম জানান, এখনো কোন মামলা হয়নি। ঝিকরগাছা (যশোর) শনিবার রাতে উপজেলার উলাকোল বাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জিয়াউর রহমান নামে এক ব্যক্তি খুন হয়েছে। স্থানীয়রা জানান- রাত ৯টার দিকে প্রতিপক্ষ যুবক শরিফুল, আমিনুর তাকে ডেকে বাজারের পূর্বদিকে নিয়ে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই জিয়াউরের মৃত্যু হয়। বাঁকড়ার পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মাসুদ জানান, জমাজমি সংক্রান্ত বিরোধের কারণে জিয়াউর খুন হয় বলে জানা গেছে।