মিয়ানমার থেকে ৪৮ টন ছোলা নিয়ে জাহাজ টেকনাফ বন্দরে

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:১২
রমজান উপলক্ষে টেকনাফ বন্দর দিয়ে মিয়ানমার থেকে ছোলা আমদানী শুরু হয়েছে। রবিবার সকালে ৪৮ মে. টন ছোলা বোঝাই মিয়ানমার জাহাজ বন্দরে ভিড়েছে বলে জানান টেকনাফ স্থল বন্দর পরিচালনাকারী ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক আবু নূর মোহাম্মদ খালেদ। ইতোমধ্যে আমদানীকৃত ছোলার আইজিএম জমা করেছে সিএন্ডএফ প্রতিষ্ঠান মেসার্স জেবি এন্ড সন্স। টেকনাফ স্থল বন্দর দিয়ে ছোলার প্রথম চালানটি নিয়ে আসেন আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স কায়েল স্টোর। আমদানীকারক প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মীর কামরুজ্জামান জানান, আসন্ন রমজান মাস শুরুর আগেই ছোলার প্রথম চালানটি বন্দরে পৌঁছেছে, ছোলাবাহী আরো জাহাজ বন্দরে আসার অপেক্ষায় রয়েছে। এদিকে টেকনাফ চেম্বার অব কমার্সের সভাপতি মো. দিদার হোসেন জানান, মিয়ানমার থেকে ছোলা আমদানীর ফলে আসন্ন রমজানে ছোলার বাজার অস্থিতিশীল হওয়ার আশংকা কমে গেল। উল্লেখ্য, গত ২২ জুন টেকনাফে অনুষ্ঠিত বাংলাদেশ-মিয়ানমার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছিল বাংলাদেশের ব্যবসায়ীরা মিয়ানমার থেকে পর্যাপ্ত পরিমাণ ছোলা আমদানী করতে পারবে।