আসন্ন রোজার মাসকে সামনে রেখে নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে হার্ডলাইনে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসন। নারায়ণগঞ্জ শহরে ফিটনেসবিহীন পরিবহন চলাচল বন্ধসহ রেজিস্ট্রেশনবিহীন রিকশা বন্ধ করতে ক্র্যাস অভিযান চালানো হবে। রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আঞ্চলিক পরিবহন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল। তিনি বলেন, ফিটনেসবিহীন পরিবহন ও রেজিস্ট্রেশন ছাড়া প্রচুর রিকশা শহরে প্রবেশ করে যানজট সৃষ্টি করছে।
সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বলেন, শহরে অবৈধ রিকশা যানজট সৃষ্টি করছে। এ ব্যাপারে সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে আলোচনা করে অবৈধ রিকশা চলাচল বন্ধে ক্র্যাস অভিযান চালানো হবে। রোজার মাসে শহরে যান চলাচলে ওয়ান ওয়ে পদ্ধতি চালু থাকবে। কেউ ট্রাফিক আইন ভঙ্গ করলে সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
