টিকফা চুক্তি এবং রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুত্ প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে ছাত্র ফেডারেশন। দাবি বাস্তবায়নে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি।
বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, শাসকশ্রেণির ৪২ বছরের লুটপাটের ইতিহাসের ধারাবাহিকতায় গত ১৭ জুন বর্তমান মহাজোট সরকার টিকফা চুক্তির খসড়া অনুমোদন করে। এই চুক্তি বাস্তবায়িত হলে দেশের সেবা খাতসমূহ চলে যাবে মার্কিন কোম্পানির দখলে, ব্যাপকভাবে বৃদ্ধি পাবে সেবা ও পণ্যের দাম, পেটেন্ট আইনের মাধ্যমে ধ্বংস হবে জীববৈচিত্র্য, ভর্তুকি কমবে কৃষিতে, দেশের সার্বভৌমত্ব জলাঞ্জলি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও কৌশলগত স্বার্থ হাসিল করা হবে। তাই এ চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে।
বক্তারা বলেন, ভারতের স্বার্থে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুত্ কেন্দ্রের মাধ্যমে সুন্দরবনকে ধ্বংস করে বাংলাদেশের ভবিষ্যেক হুমকির মধ্যে ফেলার পাঁয়তারা চলছে। যেহেতু সরকারের পায়ের নিচে মাটি নেই ফলে ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের স্বার্থে কাজ না করে মার্কিন-ভারতের স্বার্থে দেশ বিরোধী চুক্তি করে যাচ্ছে। এ প্রকল্প বন্ধ না করলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি প্রবীর সাহার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জননেতা জোনায়েদ সাকি, প্রতিবেশ আন্দোলনের সমন্বয়ক আবুল হাসান রুবেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তানজিম উদ্দিন খান, ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান। সমাবেশ পরিচালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত মল্লিক।
