গাজীপুর সিটি নির্বাচন

৬নং ওয়ার্ডে পুনর্বািচনের দাবিতে সড়ক অবরোধ বিক্ষোভ সমাবেশ

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:৪২
গাজীপুর সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ডে পুনঃনির্বাচনের দাবিতে গতকাল সোমবার কোনাবাড়ি-নরসিংহপুর সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে এই ওয়ার্ডে পুনঃনির্বাচন দেয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় প্রায় দেড়ঘণ্টা যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ জুলাই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৬ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের পরাজিত ৯ জন প্রার্থীর নেতৃত্বে কর্মী-সমর্থকরা গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে তারা গতকাল অবরোধ করে কোনাবাড়ি- নরসিংহপুর সড়কের জিতার মোড়। এ সময় কয়েকশ’ নারী-পুরুষ সড়কে বিক্ষোভ করতে থাকে। এ কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ চলাকালে সমাবেশে নির্বাচনের পরাজিত কাউন্সিলর প্রার্থী সদর আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান তুলা, বিএনপি নেতা আরিফ সরকার, মামুন রেজা, সেলিম চৌধুরী, তানিয়া জালাল, রেহানা পারভিন, নাসরিন আক্তার নাজমা, মোসলেমা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। তারা অভিযোগ করে বলেন, ওই ওয়ার্ডের ৪টি কেন্দ্রের মধ্যে জরুন নিউরণ, কাশিমপুর উচ্চ বিদ্যালয় এবং ধনঞ্জয়খালি স্কুল কেন্দ্রে ভোট কারচুপি হয়েছে।