আজমতের বাড়ি গিয়ে মিষ্টিমুখ করালেন মান্নান

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:৪৬
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ১৮ দল সমর্থিত বিজয়ী মেয়র অধ্যাপক এমএ মান্নান ১৪ দল সমর্থিত পরাজিত প্রার্থী আজমত উল্লা খানের বাসায় গিয়ে তাকে মিষ্টিমুখ করিয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি আজমত উল্লার টঙ্গী বাজারস্থ বাসভবনে যান। এ সময় এমএ মান্নান আজমত উল্লাকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।বাসায় গিয়ে আজমতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মান্নান। এ সময় তারা কোলাকুলি ও একে অপরকে মিষ্টিমুখ করান। মান্নান সিটি কর্পোরেশনে দায়িত্ব পালনে আজমত উল্লার সহযোগিতা কামনা করেন। আজমত তার সাধ্যমতো সহযোগিতার আশ্বাস দেন। মান্নান প্রায় আধাঘণ্টা আজমতের বাসায় অবস্থান করেন। মান্নান বলেন, আমি আশা করছি, আমরা মিলেমিশে কাজ করব। আজমত ভাইকে সকল কাজে পাশে পাব। আজমত ভাইয়ের ইশতেহারে ভালো যা কিছু আছে, আমি তা জনস্বার্থে বাস্তবায়নের চেষ্টা করব। আজমত ভাই আমার সঙ্গে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যুদ্ধের ফলাফল দু’দিকে যায় না। একজন বিজয়ী হয়, অন্যজন পরাজিত হয়। আজকে আমাদের জয়-পরাজয় যা-ই হোক, তা হলো ভোটারদের রায়। এ সময় আজমত উল্লা বলেন, পরাজয়ের কারণ যা-ই হোক, আমি জনগণের রায় মেনে নিয়েছি। যেকোনো বিষয়ে মান্নান ভাই সহযোগিতা চাইলে আমি কর্মী-সমর্থক নিয়ে তার পাশে থাকব। কারণ জনগণের জন্য কাজ করার মনোবাসনা নিয়েই প্রার্থী হয়েছিলাম। মান্নান শুভেচ্ছা বিনিময়ের জন্য জেলা জাতীয় পার্টির (এ) সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) কাজী মাহমুদ হাসানের গাজীপুর নগরীর বাসভবনে যান। সেখানে তারা উভয়ে কুশল বিনিময় করেন। নির্বাচনে জাতীয় পার্টির নেতাকর্মীদের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।