আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সব সদস্য এবং সাধারণ সম্পাদককে আগামী ১৩ জুলাই ইফতারের দাওয়াত দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। গতকাল সোমবার দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দল ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসের কাছে এ আমন্ত্রণপত্র পৌঁছে দেন। জাতীয় সংসদে ‘পার্লামেন্ট মেম্বারস ক্লাবের’ এলডি-২ হলে বিএনপির পক্ষ থেকে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। জানা যায়, বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনির নেতৃত্বে একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সই করা দাওয়াতপত্র দিয়ে যান। বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও দলটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দিন, সৈয়দা সাজেদা চৌধুরী, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, আব্দুল লতিফ সিদ্দিকী, সতীশ চন্দ্র রায়, এডভোকেট সাহারা খাতুন, ওবায়দুল কাদের, নুহ উল আলম লেনিন এবং মোহাম্মদ নাসিমকে ইফতার পার্টিতে দাওয়াত দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দাওয়াতপত্রটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেয়া হবে বলে বিএনপির প্রতিনিধি দল গণমাধ্যমকে জানান।
