ভিসি পদত্যাগের দাবিতে সংকটে জাবি

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:৪৭
ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে শিক্ষক সমিতির চলমান আন্দোলনের কারণে সংকটের মুখে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সংকট নিরসনে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় আলোচনা করতে রাজি শিক্ষক সমিতি। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকবার শিক্ষক সমিতিকে আলোচনায় বসার আহ্বান জানানো হলেও তারা কোন উত্তর করেনি বলে জানিয়েছেন ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন। টানা আঠারোতম দিনের মতো গতকাল সোমবার বিশ্ববিদ্যা-লয়ের প্রশাসনিক ভবন ছিল অবরুদ্ধ। আন্দোলনের বিষয়ে গতকাল শিক্ষক সমিতি সাধারণ সভা আহ্বান করে। সভায় জানানো হয়, ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষক সমিতি ‘অনড়’ রয়েছে। সাধারণ সভায় ভিসির বিরুদ্ধে আনা বারোটি অভিযোগ লিখিতভাবে বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেটের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, অবাঞ্ছিত ভিসির সাথে কোন আলোচনা হতে পারে না। তবে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা চ্যান্সেলরের মধ্যস্থতায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসিদের সাথে এ বিষয়ে আলোচনা করতে প্রস্তুত শিক্ষক সমিতি। এদিকে শিক্ষক সমিতির আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্তের সাথে ভিন্নমত পোষণ করে ‘শিক্ষক মঞ্চ’র ব্যানারে শিক্ষকদের একটি অংশ আলোচনা চালিয়ে যাবার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, বর্তমান সংকট নিরসনে আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব—আন্দোলনে নয়। এদিকে ভিসির পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করায় কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম। তবে প্রশাসনিক ভবন অবরুদ্ধ থাকলেও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা যথারীতি চলছে। ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেনকে গত ১৯ জুন অবাঞ্ছিত ঘোষণা করে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এদিকে শিক্ষক সমিতির বিভিন্ন অভিযোগের জবাব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে ভিসি এসব অভিযোগের জবাব দেন। উল্লেখ্য, ছাত্রলীগের কাছে শিক্ষক লাঞ্ছনার বিচার, গণমাধ্যমে বিশ্ববিদ্যালয় সম্পর্কে অশালীন ও আপত্তিকর বক্তব্য, জীববৈচিত্র্য ধ্বংস করা, ভর্তি পরীক্ষায় অনিয়ম, শিক্ষকদের বিষয়ে অশালীন মন্তব্য, সিন্ডিকেট সদস্যকে অপমান করাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষক সমিতি।