নোবেল জয়ী ড. মুহম্মদ ইউনূসের পাশে এবার দাঁড়ালেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব। গতকাল সোমবার তিনি দলের নেতাদের সঙ্গে নিয়ে মিরপুরে গ্রামীণ ব্যাংক ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে গিয়ে তার সঙ্গে সাক্ষাত্ করে সংহতি জানান। কংগ্রেশনাল গোল্ড মেডেল প্রাপ্তিতে ড. মুহম্মদ ইউনূসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আ স ম আব্দুর রব ও তার দলের নেতারা। আ স ম আব্দুর রব বলেন, শান্তিতে নোবেল জয়ের পর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ তথা দেশের মানুষকে বিশ্ব দরবারে আপনি সম্মানের উচ্চ আসনে নিয়ে গেছেন।
সকাল ১০টায় ইউনূস সেন্টারে আ স ম আব্দুর রব ও তার দলের নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় মুহম্মদ ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের মালিক হচ্ছে ৮৪ লাখ দরিদ্র নারী। তারাও এদেশের নাগরিক এবং ভোটার। এখন আর নারীদের ঘরে বসে থাকার যুগ নেই। সুতরাং তাদের ব্যাংক ভেঙ্গে ১৯ টুকরা করার ষড়যন্ত্র হলে তারা ঘরে বসে থাকবে না। নারীরাই প্রতিরোধ গড়ে তুলবে। গ্রামীণ ব্যাংক ইস্যুতে সংহতি ও সমর্থন জানানোয় আ স ম আব্দুর রব ও জেএসডি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান ড. ইউনূস।
