গোপালগঞ্জে সাদ্দাম মুন্সি (১৪) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৭টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
গোপালগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণীতে পড়তেন সাদ্দাম। তার বাবার নাম গফ্ফার মুন্সি। তাদের বাসা শহরের গেটপাড়ায়।
গফ্ফার মুন্সি জানান, শহরতলীর ঘোষেরচর গ্রামের সোহানকে বেশ কিছুদিন আগে সাদ্দামের এক বন্ধু হাতে কোপ দেয়। এনিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরে সোহান, লোমান, আরিফ, আব্দুল্লাহসহ ৭/৮ জন রবিবার সন্ধ্যায় সাদ্দামকে শহরের চৌরঙ্গী থেকে ধরে বঙ্গবন্ধু সড়কে নিয়ে পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় প্রথম সাদ্দামকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয় তাকে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা বলেন, এ ব্যাপারে এখনো নিহতের পরিবার থেকে কিছু জানানো হয়নি। অভিযোগ পেলেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, খুলনায় মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে গোপালগঞ্জে গাফ্ফার (৩৫) নামে এক ট্রাক চালককে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত আরেকজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গত রবিবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার তারাইল নামক স্থনে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে গতকাল লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছে।
