ছয় মাসের কর অব্যাহতি পাচ্ছে না গ্রামীণ ব্যাংক

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:৪৯
গত ২০১১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসের কর অব্যাহতি চেয়ে করা গ্রামীণ ব্যাংকের আবেদন খারিজ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভূতাপেক্ষ বিষয় (অতীত বিষয়) হওয়ায় সমপ্রতি এনবিআরের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এর সারসংক্ষেপ অর্থমন্ত্রীর অনুমোদনের জন্য শিগগিরই পাঠানো হবে। এনবিআরের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, উল্লিখিত সময়ের জন্য ইতিমধ্যে ব্যাংকটির পক্ষ থেকে ১০ কোটি টাকা পরিশোধ করা আছে। ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ অনুযায়ী এ ভূতাপেক্ষ বিষয়ে এ ধরনের ছাড় দেয়ার কোন সুযোগ নেই। অর্থাত্ অতীতে কর দাবি সৃষ্টি হয়েছে এবং তারা কর দায় স্বীকার করে এ অর্থ পরিশোধ করেছে। ১৯৮৩ সাল থেকে গ্রামীণ ব্যাংক কর অব্যাহতি সুবিধা পেয়ে আসছে। ২০১০ সালে কর অব্যাহতি সুবিধা শেষ হওয়ার পর এনবিআর কর অব্যাহতি সুবিধা আরো বাড়াবে কিনা এ নিয়ে অনেক সময় নেয়। ওই সময়ে এ বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদনও হয়। পরবর্তীতে ২০১২ সালে নেয়া ওই সিদ্ধান্ত অনুযায়ী ২০১১ সালের জুলাই থেকে পরবর্তী সাড়ে ৪ বছরের জন্য গ্রামীণ ব্যাংকের কর অব্যাহতি সুবিধা বর্ধিত করা হয়। কিন্তু এর মাঝে ২০১১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি। সূত্র জানায়, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান খন্দকার মোজাম্মেল হক গত মে মাসে এনবিআরে ওই ৬ মাসের কর অব্যাহতি দেয়ার আহ্বান জানান। ওই চিঠিতে তিনি বলেন, ইতিমধ্যে তারা বার্ষিক বিবরণী তৈরি করেছেন। এটি বাতিল হলে তাদের পক্ষে ৮৪ লাখ গ্রাহকের হিসাব বিবরণী তৈরি করা কঠিন হবে। সেজন্য ধারাবাহিকতা রক্ষার অংশ হিসাবে উল্লিখিত ৬ মাসের জন্যও কর অব্যাহতি দেয়া উচিত।