লা-ভিঞ্চির লিফ্ট চাপা পড়ে প্রকৌশলী নিহত

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:৪৯
রাজধানীর কাওরানবাজারে হোটেল লা-ভিঞ্চিতে লিফট মেরামত করার সময় ঐ লিফটের চাপায় উপ-সহকারী প্রকৌশলী আকরামুজ্জামান নিহত হয়েছেন। এ ঘটনায় লিটন নামে আরো একজন লিফট মেরামতকারী সহকারী প্রকৌশলী আহত হয়েছেন। তাকে ফার্মগেটের আলরাজী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোটেল লা-ভিঞ্চির ক্রয় এবং রক্ষণাবেক্ষণ কর্মকর্তা রিমন জানান, লিফট-২ মেরামতের কাজ করছিল পল্লবীর ট্রপিক্যাল এলিভেটর কোম্পানি। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে মেরামতের কাজ করার সময় লেভেল-৭ থেকে লিফটটি নিচে নামছিল। এসময় লিফটের নিচে উপ-সহকারী প্রকৌশলী আকরামুজ্জামান পর্যবেক্ষণ করছিলেন। লিফটি লেভেল-১ থামার কথা থাকলেও আকস্মিকভাবে তা গ্রাউন্ড ফ্লোরে এসে থেমে যায়। এসময় ওই উপ-সহকারী প্রকৌশলী লিফটের নীচে চাপা পড়েন। তার পাশে দাঁড়ানো লিটন ছিটকে বাইরে পড়ে যান। আকরামুজ্জামানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।