পবিত্র মাহে রমজান উপলক্ষে খেজুর, ছোলা ও মশুর ডালের পাইকারি ও খুচরা বিক্রয় মূল্য নির্ধারণ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। প্রতি কেজি ছোলা সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা, কানাডার মসুরের ডাল প্রকারভেদে ৭৫ থেকে ৮৫ টাকা ও জায়েদি খেজুর ৭৫ থেকে ৮৫ টাকা দরে বিক্রি করা হবে। আজ মঙ্গলবার থেকে এ মূল্য কার্যকর হবে।
গতকাল সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজারমূল্য পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ পণ্যগুলোর মূল্য নির্ধারণ করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মুর্তজা রেজা চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে এফবিসিসিআই সহ-সভাপতি মো. হেলালউদ্দিন ও আমদানিকারক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় ইরাকী জাহেদী খেজুরের সর্বোচ্চ পাইকারি দর প্রতি কেজি ৭২ থেকে ৭৫ টাকা, অস্ট্রেলিয়ান ছোলা সর্বোচ্চ পাইকারি দর প্রতি কেজি ৫২-৫৪ টাকা এবং কানাডার মসুর ডাল প্রকারভেদে সর্বোচ্চ পাইকারী মূল্য প্রতি কেজি ৭২-৭৫ টাকা নির্ধারণ করা হয়।
এর আগে গত ৩০ জুন চিনি ও ভোজ্যতেলের দাম নির্ধারণ করে এফবিসিসিআই। চিনি মিলগেটে প্রতি কেজি সর্বোচ্চ ৪১ দশমিক ৫০ টাকা, পাইকারি ৪২ দশমিক ৫০ টাকা ও খুচরা ৪৫ দশমিক ৫০ টাকা। পাম অলিন মিলগেটে প্রতি লিটার সর্বোচ্চ ৬৯ টাকা, পাইকারী ৭০ টাকা এবং খুচরা ৭৩ থেকে ৭৫ টাকা। খোলা সয়াবিন তেল মিলগেটে সর্বোচ্চ প্রতি লিটার ১০১ টাকা, পাইকারী ১০২ টাকা এবং খুচরা ১০৫ থেকে ১০৮ টাকা। এছাড়া বোতলজাত সয়াবিন তেল ১ লিটার ১২৭ টাকা নির্ধারণ করা হয়।
