চট্টগ্রামে পৃথক ঘটনায় দুই ব্যক্তি খুন

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:৫১
চট্টগ্রামের পটিয়া ও রাউজানে পৃথক ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে। জানা যায়, রবিবার গভীর রাতে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে অলি সওদাগরের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় এলাকাবাসী ডাকাতদের প্রতিহত করতে এগিয়ে আসলে ডাকাতরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে ইদ্রিস মিয়া (৪৫) নামে এক চায়ের দোকান মালিক নিহত হয়। সে ঐ এলাকার কমল আহমেদের পুত্র। এদিকে রাউজান উপজেলার পশ্চিম বিনাজুরি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অসীম জলদাশ (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। জানা যায়, রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা অসীমকে খুন করে পানি উন্নয়ন বোর্ডের পেছনে সেফটি ট্যাংকির মধ্যে ফেলে দেয়। গতকাল সোমবার সকালে স্থানীয় লোকজন তার রক্তমাখা লুঙ্গি ও শার্ট দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। অসীম গহিরার জলদাস পাড়ার মৃত মনিন্দ্র জলদাসের পুত্র। পুলিশ হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।