বঙ্গোপসাগরে আড়াই শতাধিক যাত্রী বোঝাই ট্রলার জব্দ

আপডেট : ০৮ জুলাই ২০১৩, ২২:৫২
সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় ২৫০ জনের বেশি মালয়েশিয়াগামী যাত্রী বোঝাই বিকল ট্রলার জব্দ করেছে সেন্টমার্টিন কোস্টগার্ড সদস্যরা। কোস্টগার্ড সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে স্থানীয় কিছু জেলে সেন্টমার্টিনের অদূরে পশ্চিম বঙ্গোসাগরে মাছ শিকার করতে গেলে অধিক যাত্রী বোঝাই প্রায় ডুবে যাওয়া অবস্থায় একটি ট্রলার দেখতে পেয়ে সেন্টমার্টিন কোস্টগার্ডকে খবর দেয়। তাত্ক্ষণিক কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রলারটি উদ্ধার করে তীরে নিয়ে আসে। সেন্টমার্টিন কোস্টগার্ড কমান্ডার এম এ নেওয়াজ জানান, ট্রলারে বিপদাপন্ন ২৫০ জনের অধিক যাত্রী রয়েছে। তাদের কাছ থেকে চিড়া, গুড়, পানি ও ওষুধ উদ্ধার করা হয়েছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক। তাদের সবাইকে আটক দেখিয়ে গতকাল সন্ধ্যায় সেন্টমার্টিন থেকে টেকনাফ থানায় সোপর্দ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কোস্টগার্ড টেকনাফ স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত লোকজনের সংখ্যা বেশি হওয়ায় তাদের টেকনাফে নিয়ে আসা হচ্ছে এবং মানব পাচারে জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হবে।