আজকে সুখে মেঘের ময়ূর পেখম মেলেছে
ঝর ঝর ঝর, ঝুমুর ঝুমুর বৃষ্টি;
কে যেন আজ দূর আকাশে বিজলি জ্বেলেছে
চোখ ধাঁধানো কী অপরূপ সৃষ্টি।
বৃষ্টি ঝরে টাপুর-টাপুর
যায় না বোঝা সকাল-দুপুর
ঝুমুর ঝুমুর মেঘের নূপুর
বাজতে লেগেছে;
রুক্ষ মাটির বুকে নতুন
জীবন জেগেছে।
উঠলো জেগে ঘাস, তরুরা
উঠলো জেগে মন;
সৃষ্টি সুখে গান গেয়ে যায়
ব্যাঙরা সারাক্ষণ।
