বৃষ্টি তুমি আসবে বলে
আকাশ মেঘের ভিড়,
বৃষ্টি তুমি যাচ্ছ ছুঁয়ে
আমার স্বপ্ন নীড়।
বৃষ্টি তুমি আসবে বলে
কদম হাসলো বনে,
বৃষ্টি তুমি আনমনা সুর
বাঁশি আমার মনে।
বৃষ্টি তুমি আসবে বলে
ধাইছে নদী, ঢেউ,
বৃষ্টি তুমি স্বস্তি যোগাও
বাদ থাকে না কেউ!
বৃষ্টি তুমি আসবে বলে
ফুল পাখিদের গান,
বৃষ্টি তুমি সৃষ্টি সুখের
হিজলগন্ধা প্রাণ।
