কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস বন্ধু আড্ডা

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ১৮:৪৪
‘অভিমান আর ভালবাসা’ এই শব্দ দুটির প্রয়োগটা বন্ধুত্বের মাঝে বেশি দেখা যায়। ‘বন্ধুত্ব এমন একটা সত্তা যেটা ছাড়া জীবন তো চলতে চায় না। আর ক্যাম্পাস জীবনে বন্ধুত্ব এক জোয়ার যেটা জীবনকে সমৃদ্ধশালী করে।’ বলছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফি। বিশ্ববিদ্যালয় শিক্ষার যেমন আঞ্চলিকতা থাকে না তেমন এই শিক্ষা নিতে আসা শিক্ষার্থীকে আসতে হয় দেশ- বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সংস্কৃতি ও ভালবাসার মায়ার ছায়া ছেড়ে। আর বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে শিক্ষার্থী জুটিয়ে নেয় আপন মনের কিছু মানুষ যাদের সাথে গড়ে ওঠে ভালবাসা, অনুরাগ, ভ্রাতৃত্বের সম্পর্ক। এই সম্পর্ক তাকে সব ছেড়ে আসার ব্যথা ভুলিয়ে দেয়। বন্ধুর সাথে চলে জীবনের তরি। ভাগাভাগি হয় দুঃখ, ব্যথা, আনন্দ সব। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আড্ডা প্রিয় ৪ বন্ধুর ক্ষুদ্র একটা দলের দেখা মিলে প্রায়ই। সব সময় আনন্দের ছাপ দেখা যায় তাদের চোখে মুখে। এক সাথে পড়াশুনা আবার এক সাথে চলে ক্যাম্পাস মাতিয়ে আড্ডা। ক্লাস-পরীক্ষা, পড়াশুনা, আড্ডা সবই চলে এক সাথে মন মাতিয়ে। এরা সবাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। মাসুম, শাহরিয়ার, ইসরাত আর শফি এই চার জনের দেখা মিলবে কখনও অনুষদের করিডোরে আবার কখনও বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায়। শুধু আড্ডায় নয় লেখাপড়ায়ও দুরন্ত তারা। কথা হচ্ছিল এই বন্ধু দলের সাথে, মাসুম বলেন, ‘ক্যাম্পাসের আড্ডাকে আমি কোন কিছুর সাথে তুলনা করে তৃপ্তি পাই না। আড্ডা তো শুধু আড্ডা নয় এটা আমাদের জীবনের উজ্জ্বল একটা অংশ, যা আমাদের অনেক কিছু শেখায়।’ বন্ধুত্ব আর ক্যাম্পাস নিয়ে ইসরাত বলেন, ‘বন্ধু ছাড়া জীবনটা আমি কেমন যেন ভাবতে পারি না। আপনি কি ভাবতে পারেন? আমি আড্ডাকে শেখার বাইরে দেখি না। এটা অনেক অজানাকে জানায়।’ কথার ফাঁকে শফি বললেন, ‘বিশ্ববিদ্যালয় হলো স্বপ্ন বাস্তবায়নের একটা মাধ্যম যা আমরা অতি আগ্রহে লালন করে থাকি।’ এর সাথে শাহরিয়ার যোগ করেন, ‘বিশ্ববিদ্যালয় আপনাকে অনেক দূর নিয়ে যাবে যদি আপনি আগ্রহী হন। ক্যাম্পাস, বন্ধ, আড্ডা তো এটার সাথে অন্যটা জড়িত।’ ক্যাম্পাস জীবনের স্বাধীনতা, বন্ধু আর আড্ডায় সব শিক্ষার্থী মতই পার হয় এই ক্ষুদ্র দলের সময়। এদের সবার স্বপ্ন যেন সিঁড়ি মাড়িয়ে আকাশের দিকে চলছে। এদের স্বপ্ন মেঘের সাথে ভাসার। ক্যাম্পাস, বন্ধু, আড্ডা ছাড়া শিক্ষা জীবন চলে না এদের মতই সব শিক্ষার্থীর।