শেয়ারবাজারে লেনদেন বেড়েছে ৩০ শতাংশ

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২০:৩১
গতকাল মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারের সূচক আগের দিনের তুলনায় বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে প্রায় ১ হাজার ২৯৪ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৩০ শতাংশ বেশি। ডিএসইতে এই লেনদেন গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সূচকের ওঠানামার মধ্যেও দিন দিন লেনদেনের পরিমাণ বাড়ছে। এটি বাজারের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য ইতিবাচক। এদিকে বাজারের মোট লেনদেনের প্রায় ২৩ শতাংশই হয়েছে জ্বালানি খাতে। এ খাতে লেনদেন হয়েছে ৩০২ কোটি টাকা। গতকাল শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে ছিল টেলিকমিউনিকেশন খাত। এর মূল কারণ হলো গ্রামীণ ফোনের শেয়ারের দাম বেড়েছে সাড়ে ৮ শতাংশেরও উপরে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৫৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩২১ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ১২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২৯৪ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৩০২ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৮৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারের। গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশন সভায় ওয়াটা কেমিক্যালকে মূল মার্কেটে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিয়মিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রদান করার কারণে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের এ কোম্পানিটিকে মূল মার্কেটে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে কোম্পানিকে মূল মার্কেটে ফিরিয়ে আনার বিদ্যমান প্রবিধানমালা বিবেচনা করে কমিশনের অনাপত্তি সম্পর্কে ডিএসই’কে জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এছাড়া মেয়াদি ফান্ড হিসেবে অনুমোদিত রূপালি লাইফ ইন্স্যুরেন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডকে বেমেয়াদি ফান্ড হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। কমিশন সভায় অ্যালায়েন্স অ্যান্ড পি শরীয়াহ ইনডেক্স ফান্ড নামক একটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করা হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য অনন্ত প্রপার্টিজ লিমিটেড নিরীক্ষিত আর্থিক হিসাবে সম্পত্তি মূল্যায়নে ভুল তথ্য দেয়ায় কোম্পানিটিকে ১ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়। এক্ষেত্রে হিসাবায়নে জড়িত একনবিন চার্টার্ড অ্যাকাউন্টন্টেকেও ১ লাখ টাকা জরিমান করা হয়েছে।