প্রবাসী শিল্প বিনিয়োগ মিউচুয়াল ফান্ড চালুর উদ্যোগ

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২০:৩১
প্রবাসী বাংলাদেশি এবং দেশের আগ্রহী শিল্পোদ্যোক্তাদের দেশেই শিল্পখাতে বিনিয়োগে উত্সাহিত করতে ’আইসিবি এএমসিএল প্রবাসী শিল্প বিনিয়োগ মিউচুয়াল ফান্ড’ নামে একটি বিশেষ তহবিল চালুর উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়। প্রাথমিকভাবে এ তহবিলের পরিমাণ হবে সাড়ে ১২শ’ কোটি টাকা। এ তহবিলের ফেসভেলু ১শ’ টাকা এবং মার্কেট লট হবে ন্যূনতম ১শ’ ইউনিট বা ১০ হাজার টাকা। সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে এ মিউচ্যুয়াল ফান্ডের রোড-ম্যাপ উপস্থাপন ও উদ্যোক্তা নির্বাচন সভা অনুষ্ঠিত হয়। এসএমই ফাউন্ডেশনের সহায়তায় শিল্প মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এতে সভাপতিত্ব করেন। এই মিউচ্যুয়াল ফান্ড ইস্যু ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। বিনিয়োগকারীদের অনেকে একই প্রতিষ্ঠানের হাতে ইস্যু ও ব্যবস্থাপনার দায়িত্ব না রাখার প্রস্তাব দেন। তাদের দাবি, এতে এই ফান্ড বিনিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। এর জবাবে আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক এমন সম্ভাবনা নাকচ করে দিলে বিনিয়োগকারীদের পক্ষ থেকে এই ফান্ডের ব্যবস্থাপনা কমিটিতে বিনিয়োগকারীদের (বিশেষত ব্যাংক ও ট্রেড বডি) প্রতিনিধিদের সম্পৃক্ত রাখার প্রস্তাব দেয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ তহবিল মুদ্রা বাজার ও শিল্পখাতের জন্য নতুন সুযোগ নিয়ে আসবে। এর মাধ্যমে দেশীয় উদ্যোক্তারা শিল্পখাতে বিনিয়োগের জন্য অর্থায়নের বিকল্প উত্স পাবে। তারা এ তহবিলে বিনিয়োগ লাভজনক করতে অবকাঠামো খাতে বিনিয়োগের পরামর্শ দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্। এতে প্রবাসী বিনিয়োগ মিউচ্যুয়াল ফান্ডের রোড-ম্যাপ উপস্থাপন করেন ফায়েকুজ্জামান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটু, ট্রাস্ট ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু, আইএফআইসি ব্যাংক এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, এফবিসিসিআই’র পরিচালক সাফকাত হায়দার, ডিসিসিআই’র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নেসার মাকসুদ খান, ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিব আলোচনায় অংশ নেন।