ইস্তাম্বুলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২১:২৩
তুরস্কের ইস্তাম্বুলের গেজি পার্কে প্রবেশের চেষ্টার সময় টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ৮০জনের বেশি মানুষকে আটক করেছে এবং কয়েক ঘন্টার ব্যবধানে সোমবার আবারো পার্কটি বন্ধ করে দিয়েছে। গত মাসে দেশটিতে সংঘটিত সরকারবিরোধী বিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল এই গেজি পার্ক। গেজি পার্ক ইস্যুতে শুরু হওয়া আন্দোলন ও বিক্ষোভে চারজন নিহত এবং কয়েক হাজার লোক আহত হয়। সরকারের উন্নয়ন পরিকল্পনার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়লে পরবর্তীতে তা থেকে সরে আসে তারা। গত সোমবার পার্কটি খুলে দেয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থার সমন্বয়ে গঠিত আন্দোলনকারী সংগঠন তাকসিম সলিডারিটি বিকেলে জনসভা আহবান করে। কয়েক হাজার বিক্ষোভকারী গেজি পার্কে প্রবেশের জন্য তাকসিম স্কোয়ারে জমায়েত হতে শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে এবং গেজি পার্কে থাকা কয়েকশ’ মানুষকে বের করে দেয়। পরে এক সংবাদ সম্মেলনে তাকসিম স্কোয়ারের মুখপাত্র দাবি করেন, পুলিশ ৮০জনেরও বেশি মানুষকে আটক করেছে। এর মাত্র কয়েক ঘন্টা আগে পার্ক খুলে দেয়ার ঘোষণা দিতে গিয়ে ইস্তাম্বুলের মেয়র হুসেইন আভনি মুটলু বলেন, ‘গেজি পার্ককে আবারো দখল করতে দেয়া হবে না। এটা বিক্ষোভ প্রদর্শনের স্থান না এবং বিনা অনুমতিতে মিছিল করা বেআইনী।’ প্রসঙ্গত, গত রবিবারই পার্কটি খুলে দেয়ার কথা ছিল। কিন্তু ছুটির দিনটিতে বিক্ষোভ হতে পারে এরকম উত্তেজনাকর পরিস্থিতির কথা বিবেচনা করে তা সোমবার খুলে দেয়া হয়। কিন্তু এদিনও বিক্ষোভকারীরা মিছিলের ডাক দিলে কয়েক ঘন্টার মধ্যেই সেটি আবারো বন্ধ করে দেয়া হয়। উল্লেখ্য, গেজি পার্কে অবস্থান নেয়া মানুষদের বের করে দিয়ে গত জুন মাসের ১৫ তারিখে পুলিশ পার্কটি বন্ধ ঘোষণা করেছিল।