মিসরে সেনা হস্তক্ষেপ মেনে নেয়া যায় না :ইরান

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২১:২৩
মিসরের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেছে ইরান। ইসরাইল এবং পশ্চিমা বিশ্ব শক্তিশালী মিসর দেখতে চায় না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস আরাকচি। তবে তার এ মন্তব্য আগের প্রতিক্রিয়ার চেয়ে আরো বেশি কড়া। এর আগে তিনি মিসরের জনগণের আইনগত দাবি পূরণের আহ্বান জানিয়েছিলেন। সোমবার তিনি বলেন,“মিসরের রাজনৈতিক ক্ষেত্রে সেনাবাহিনীর হস্তক্ষেপ অগ্রহণযোগ্য এবং উদ্বেগজনক”। মিসরের বর্তমান পরিস্থিতিতে জনগণের বৈধ দাবিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করাটা সবচেয়ে জরুরি বলে উল্লেখ করেন তিনি। মিসরের সমাজকে বিভেদ, অনৈক্য এবং মেরুকরণের দিকে ঠেলে দেয়া অত্যন্ত বিপজ্জনক উল্লেখ করে আব্বাস বলেন, “এসব ঘটনা একসঙ্গে ঘটছে এবং পরিস্থিতিকে জটিল করে তুলেছে।”