সাইবার নিরাপত্তায় যুক্তরাজ্যের উদ্যোগ
ক্রমবর্ধমান হ্যাকিং ও এর হুমকি প্রতিরোধে যুক্তরাজ্যের সঙ্গে এক হয়ে কাজ করবে বিশ্বের প্রায় নয়টি বৃহত্তম প্রতিরক্ষাপণ্য ও টেলিকম প্রতিষ্ঠান। শুক্রবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সাইবার হুমকি প্রতিহত করতে বিএই সিস্টেমস, রোলস-রয়েস, লকহিড মার্টিন, হিউলেট প্যাকার্ডের মতো বেশকিছু প্রতিষ্ঠান সরকারের সঙ্গে একযোগে কাজ করবে এবং তথ্য প্রদানে সহযোগিতা করবে। এ প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ ডান বলেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তথ্য, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করে যে একজোট হয়ে কাজ করতে পারে, এটি তারই একটি প্রত্যক্ষ প্রমাণ। - রয়টার্স
টিভি ব্যবসায় মুকেশ
ফের টিভি ব্যবসায় লগ্নি করলেন ভারতের বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানী। তিনি এপিক টেলিভিশন নেটওয়ার্কের শতকরা ২৫ ভাগ অংশীদারিত্ব কিনে নিয়েছেন। আগামী মাসে ওই চ্যানেলটি চালু হতে যাচ্ছে। উন্নতমানের প্রযুুক্তি ও মানসম্মত সেবার নিশ্চয়তা নিয়ে এই টিভি চ্যানেলটি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে ধারণা করা হচ্ছে। দেশীয় ঐতিহ্য, কৃষ্টি,সংস্কৃতি, ইতিহাস ও পৌরাণিক কাহিনী সংক্রান্ত নানা বিষয় এখানে স্থান পাবে। ওয়াল্ট ডিজনি কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহেশ সমাট এর নেতৃত্বে রয়েছেন। -টাইমস অব ইন্ডিয়া
সাদ্দামের সত্ ভাইয়ের মৃত্যু
ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের সত্ ভাই সাবাউই ইব্রাহিম আল হাসান সোমবার বাগদাদের একটি হাসপাতালে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। একাধিক মামলায় তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ ছিল। শারীরিক অবস্থার অবনতির জন্য তাকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। তিনি ছিলেন, সাদ্দাম বাহিনীর প্রাক্তন অধিকর্তা। ২০০৩ সালে মার্কিন সেনা অনুপ্রবেশের পর তিনি আত্মগোপনে ছিলেন। ২০০৫ সালে সিরিয়া সরকার তাকে ইরাকের হাতে তুলে দেয়। -এপি
