কুড়িগ্রামে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২১:২৯
কুড়িগ্রামের যাত্রাপুর প্রতিরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছে। পানি উন্নয়ন বোর্ড (লালমনিরহাট) কর্তৃপক্ষ প্রাক্কলন না করেই উপরের নির্দেশে ঠিকাদারকে কাজ করার অনুমতি দেয়। ইতিমধ্যে বাঁধের পাড় থেকে ২৫টি পরিবার স্থানান্তরিত হয়েছে। আরো আড়াইশ’ বাড়ি বিলিন হওয়ার পথে। এলাকাবাসী জানায়, মোটা বাঁশ ও কাঠ দিয়ে ২৫ ফিট পাইলিং করার কথা থাকলেও মাত্র ১০ থেকে ১৫ ফিট চিকন বাঁশ ও কিছু চিকন কাঠের গুড়ি দিয়ে পাইলিং করছে। জিও টেক্সটাইল ব্যাগ মাত্র ১০ থেকে ১২টি ডাম্পিং এবং ৬টি জিও টেক্সটাইল ব্যাগ সাজিয়ে রাখা হয়েছে। ঠিকাদারের প্রতিনিধি আব্দুল খালেক জানান, প্রতিদিন প্রায় দেড় শতাধিক শ্রমিক পাইলিংয়ের কাজ করছে। এসও শহিদুল ইসলাম তদারকীতে যান না। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছেন একজন পিয়ন। পানি উন্নয়ন বোর্ডের এসও শহিদুল ইসলাম জানান, এই ভাঙন রোধে জরুরি কাজে প্রাক্কলন সম্পর্কে তাঁর ধারণা নেই। উপ-বিভাগীয় প্রকৌশলী (লালমনিরহাট) মিজানুর রহমান জানান, জনবল সঙ্কট ও দূরত্বের কারণে প্রকল্প এলাকায় যাওয়া হয় না। এর প্রাক্কলিত ব্যয় এখনো নির্ধারিত হয়নি। উচ্চ পর্যায়ের নির্দেশে আমরা কাজটি শুরু করেছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এনায়েত উল্লাহ বলেন, যাত্রাপুর প্রতিরক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।