হবিগঞ্জ শহরে এনজিও কর্মী, গৃহবধূ ও স্কুল ছাত্রীকে যৌন হয়রানি করায় তিন বখাটে যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিতরা হলেন, চুনারুঘাট উপজেলা গোছাপাড়া গ্রামের আবিদ মিয়া (৩০), আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের রফিকুল মিয়া (২০) ও বানিয়াচং উপজেলার মাতাপুর গ্রামের হেলাল মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, রফিকুল মিয়া হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় অবস্থিত এনজিও ইনডেভার এর মাঠকর্মীকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করত। গত সোমবার সে ওই মাঠকর্মীকে অফিস থেকে ধরে আনার চেষ্টাকালে জনতা তাকে আটক করে পুলিশে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসুম তাকে দোষীসাব্যস্ত করে ১৫ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ডাদেশ দেন।
হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামের এক গৃহবধূকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করায় আবিদ মিয়া (৩০) নামে এক যুবককে ৩ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সকালে আবিদ মিয়াকে আনোয়ারপুর বাইপাস এলাকায় স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। ভ্রাম্যমাণ আদালত তাকে এই দণ্ডাদেশ দেয়। একই দিন বানিয়াচঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সফিউল আলম মাতাপুর গ্রামের হেলাল মিয়া নামক এক বখাটেকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন। সে ৯ম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় তাকে এ দণ্ড দেয়া হয়।
