ভোমরা সীমান্তে বিজিবি ও বিএসএফ বৈঠক

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২১:৩৩
সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধে এবং বাংলাদেশ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেঁড়া নির্মাণ চেষ্টার প্রতিবাদে সাতক্ষীরা সীমান্তে বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সীমান্ত আইন ইন্দিরা-মুজিব চুক্তি অমান্য করে নোম্যান্স ল্যান্ডে ভারতীয় কর্তৃপক্ষ কয়েকদিন ধরে কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করে। সাতক্ষীরা বিজিবি এতে বাধা দেয়। বিজিবির প্রতিবাদের মুখে তা বন্ধ রয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির যশোর রিজিওন কমান্ডার লে. কর্নেল হাসান আহমেদ। অপরদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের ৪৭ ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট এস এস থেয়ারী ও জেএস সাধুসহ তিনজন বিএসএফ কর্মকর্তা। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি নাগরিককে যারা বিভিন্ন সময়ে সীমান্তে আটক হয়ে কারাবন্দি ছিলেন। এদের কারাভোগ শেষ হয়েছে। ১২ জন বাংলাদেশি নাগরিককে ফেরত দেয়ার ব্যাপারে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম খান এবং বিএসএফ’র পক্ষে ছিলেন গেঁদে কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর ভুপেন্দর সিং।