নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের চাঁদনগর এলাকায় গতকাল মঙ্গলবার সকালে পিতা মাসুদ আলম সম্রাট ১১ মাসের শিশুকন্যা নিশাত পারভীনকে বটি দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এতে ভাতিজা জাহিদ (৪) গুরুতর জখম হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় এলাকাবাসী হত্যাকারী পিতাকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করেছে।
জানা যায়, ওই এলাকার বাসিন্দা মাসুদ আলম সম্রাট ও তার ভাই দিনাজপুর জজ কোর্টের আইনজীবী আলমগীর কবীর একই বাসায় বসবাস করেন। গতকাল মঙ্গলবার সকালে বাড়ির সবাই বাইরে বেরিয়ে গেলে সম্রাট বারান্দায় খেলারত শিশুকন্যা নিশাত পারভীন ও ভাতিজা জাহিদকে বটি দিয়ে কোপাতে থাকে। আহত অবস্থায় নিশাতকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় জাহিদকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকাবাসী ও পরিবারের লোকজন জানায়, আটককৃত সম্রাট একজন নেশাগ্রস্ত ও মানসিক ভারসাম্যহীন। খবর পেয়ে সৈয়দপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির ঘটনাস্থলে গেলে ঘাতক সম্রাটকে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
