ফুটবলার মুন্নীর বিবাহ নিবন্ধককে হাইকোর্টে তলব

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২১:৩৪
নবম শ্রেণি পড়ুয়া বগুড়ার ফুটবলার মুন্নীকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে বিবাহ নিবন্ধন করার অভিযোগে কক্সবাজারের সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের এসএম মজিদ আহমেদ নামের এক নিকাহ নিবন্ধককে(কাজী) তলব করেছে হাইকোর্ট। বিবাহ নিবন্ধনের কাগজপত্র-সহ আগামী ৩০ জুলাই তাকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়। গত ১০ জুন একটি জাতীয় দৈনিকে ‘অপহূত প্রমীলা ফুটবলার মুন্নী ১৭ দিনেও উদ্ধার হয়নি: সন্ধান চাওয়ায় পিতা লাঞ্ছিত’- শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি যুক্ত করে ব্যারিস্টার নূয়ারা চৌধুরী হাইকোর্টে রিট করেন। গতকাল শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেয়। আবেদনকারী পক্ষে ব্যারিস্টার নাজির উদ্দিন চৌধুরী ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত্ রায়। এদিকে গতকাল হাইকোর্টে হাজির হয়ে মুন্নী আদালতকে জানায়, তাকে অপহরণ করা হয়নি। সে পালিয়ে বিয়ে করেছে। শুনানিতে মুন্নী নিজেকে নবম শ্রেণির ছাত্রী দাবি করে। এ অবস্থায় তার অপ্রাপ্তবয়স্ক হওয়ার বিষয়টি আদালতের সামনে উঠে আসে। এরপর আদালত বিবাহ নিবন্ধককে তলব করেন। মুন্নী বগুড়া জেলা মহিলা ফুটবল দলের নিয়মিত সদস্য।