জাতীয় দলের ক্যাম্প আরো এক প্রবাসী ফুটবলার

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২২:১১
সাফের জন্য এখনও জাতীয় ফুটবল দল চূড়ান্ত করা হয়নি। প্রাথমিক দলে এরই মধ্যে দুইজন প্রবাসী বাঙালি ফুটবলার ট্রায়াল দিয়েছেন। এর মধ্যে অষ্ট্রেলিয়া প্রবাসী আনন্দ রহমান দুই দিন অনুশীলন করেই ক্যাম্প ছেড়ে চলে গেছেন। চাপ সইতে পারেননি। ক্যাম্পে রয়ে গেছেন ডেনমার্ক প্রবাসী জামাল ভুইয়া। দু’দিন আগে প্রবাসী তালিকায় আরেকজন নাম লিখিয়েছেন। গতকাল ক্যাম্পে যোগ দিয়েছেন। তিনি এসেছেন যুক্তরাষ্ট্র থেকে। নাম ফারহান খান। বয়স ২৩। গতকাল দুপুরে এই ফুটবলারকে ক্রুইফের অনুশীলনে দেখা গেছে। দেখতে-শুনতে ভালো। শারীরিক গড়নও বেশ ভালো। জর্জ ওয়াসিংটন বিশ্ববিদ্যালয়ের হয়ে ফুটবল খেলেছেন ফারহান। কেমন তার পারফরম্যান্স, তা না দেখে কোনো মন্তব্য করতে রাজি না কোচ ক্রুইফ। আগে দেখতে চান। ক্যাম্পে রাখা হয়নি এই ফুটবলারকে। ক্যান্টনম্যান্টে অবস্থান করছেন তিনি। দলের ম্যানেজার ইকবাল হোসেন কাল জানালেন আজকের ম্যাচে ফারহানকে নামানো হতে পারে। কোচ যদি ভালো কিছু খুঁজে পান তাহলে হয় তো জায়গা হতেও পারে।’ ফারহান সাংবাদিকদের বলেন, কোচের সঙ্গে যোগাযোগ করে জাতীয় দলের ক্যাম্পে এসেছি। ট্রায়াল দিলাম, কোচকে সন্তুষ্ট করতে পারলে জাতীয় দলে খেলব।’ ৯ বছর আগে গোপালগঞ্জ ছেড়ে যুক্তরাষ্ট্র চলে যান ফারহান।