অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক জানিয়েছেন আজ বুধবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে শুরু হতে যাওয়া চলতি অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড দল থেকে ব্যাটসম্যান নিক কম্পটন বাদ পড়ায় তিনি ‘খুশি’। সফরকারী অধিনায়ক তার খুশির কথা জানালেও ইংল্যান্ড এ দফায় ফেবারিট হিসেবেই মাঠে নামছে। তবে অজি দলটিও আত্নবিশ্বাসী।
ইংল্যান্ডের আত্নবিশ্বাসের কারণ অস্ট্রেলিয়ার আগের দাপুটে দিন বিগত হওয়াটাও এখন কয়েক বছরের ঘটনা। বিশেষ করে স্টিভ ওয়ার অমিত বিক্রমের অজি দলটি। সে তুলনায় অস্ট্রেলিয়রা এবার ইংল্যান্ডে এসেছে গত দুটি অ্যাশেজ সিরিজে পরাস্ত হওয়ার ক্ষত নিয়ে। এর মধ্যে আছে নিজেদের মাঠে ৩-১ ব্যবধানে হারা সিরিজটি যাতে ইংল্যান্ড তিন টেস্টেই জিতেছিল ইনিংসের ব্যবধানে। এছাড়া আছে ভারত সফরে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার দগদগে স্মৃতিও। তাও এমন একটি দলের কাছে যাদের ইংল্যান্ড হারিয়েছিল ২-১ ব্যবধানে।
ক্লার্কের দল জুনের প্রথম দিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে ইংল্যান্ডে আসার পর অস্ট্রেলিয়া তাদের প্রধান কোচ মিকি আর্থারকে বরখাস্ত করে। এরপর ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার বার্মিংহ্যামের একটি বারে জো রুটকে আঘাত করেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কাছে পরাজিত হয়। এত কিছুর মধ্যেও অস্ট্রেলিয় দলটিকে সমারসেট ও উস্টারশায়ারের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচে ভাল খেলতে দেখা গেছে। এখন সময়ই বলে দেবে নতুন কোচ ড্যারেন লেহম্যানের নিযুক্তি এবং ক্লার্কের অধিনায়কত্ব অস্ট্রেলিয়াকে অ্যাশেজ পুণরুদ্ধারে কতটা সহায়তা করে।
এদিকে মাঠের খেলা শুরুর আগে কম্পটনের বাদ পড়া জোরেশোরে আলোচিত হচ্ছে। ৩০ বছর বয়সী কম্পটন টানা নয় টেস্টে দলের হয়ে ওপেনিং করেন এবং এ বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট সেঞ্চুরি হাকান। এছাড়াও সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮১ ও ৭৯ রানের দুটি ইনিংস খেলেছিলেন তিনি। এখন তার বাদ পড়ায় অধিনায়ক অ্যালিস্টর কুকের সাথে ওপেনিংয়ে আসবেন জো রুট। ক্লার্ক এ ব্যাপারে বলেন,‘সত্যি বলতে কি নিক খেলছে না বলে আমি খুশি। সে বেশ ভাল মানের এবং তার ডিফেন্সও ভাল। আমরা জো রুটকে এখনো বল করিনি।’
স্বাগতিক অধিনায়ক অবশ্য অ্যাশেজের লড়াইটা সহজ হবে না বলেই মত দেন। অ্যান্ডি মারের উইম্বলডন জয়ে বৃটেন যখন আনন্দে ভাসছে সেসময়ে এখন ক্রিকেটারদের দিকেই নজর থাকবে বৃটিশদের। কুক স্বীকার করেন সাম্প্রতিক সাফল্যগুলো অনুল্লেখ্য থাকবে না। কিন্তু নটিংহ্যামে প্রথম বলটি গড়ানোর পর সেসবের আর ব্যবহারিক সুবিধা পাবে না ইংল্যান্ড দল।
উল্লেখ্য কুক এই প্রথম অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন।
