মিসরে নির্বাচনের রূপরেখা ঘোষণা

আপডেট : ০৯ জুলাই ২০১৩, ২২:৩৮
মিসরে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান আদলি মনসুর। সোমবার সেনাবাহিনীর গুলিতে ৫১ জন নিহত হওয়ার পর এই রূপরেখা ঘোষণা করা হলো। তবে দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড সরকারের এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে। খবর বিবিসি, রয়টার্স ও এএফপি’র। সোমবার এক অধ্যাদেশ জারির মাধ্যমে ঘোষিত রূপরেখায় অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, আগামী বছরের প্রথমদিকে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আগামী ১৫ দিনের মধ্যে স্থগিত করা ইসলামপন্থি ব্রাদারহুডের খসড়া সংবিধান সংস্কারের জন্য একটি প্যানেল গঠন করা হবে। সংস্কারের পর সংবিধানের ওপর একটি গণভোট হবে, যা পরবর্তী চারমাসের মধ্যে গ্রহণ করা হবে। তবে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির রাজনৈতিক দল এই রূপরেখাকে অবৈধ বলে আখ্যায়িত করে বলেছে, এই রূপরেখা আবার তাহরির স্কয়ারের দিকে নিয়ে যাবে। ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির ডেপুটি চেয়ারম্যান এরিয়ান বলেন, সংবিধান পরিবর্তন এবং আগামী নির্বাচনের রূপরেখা ঘোষণা দেশকে আবার এক নম্বর চত্বরের দিকে নিয়ে যাবে। এদিকে মিসরে প্রতিবছর একশ’ তিন কোটি ডলারের মার্কিন সাহায্য বন্ধ না করার আহবান জানিয়েছে ইসরাইল। মিসরে গণআোলনের মুখে সামরিক হস্তক্ষেপে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার প্রেক্ষাপটে ওয়াশিংটনের প্রতি তেলআবিব এ আহবান জানাল। যুক্তরাষ্ট্রের আইনে আছে, সামরিক হস্তক্ষেপে কোন দেশের সরকার ক্ষমতাচ্যুত হলে সেখানে সব ধরনের মার্কিন সামরিক ও অর্থনৈতিক সাহায্য অবশ্যই বন্ধ করতে হবে। মুরসির দল মুসলিম ব্রাদারহুড তাকে সামরিক অভ্যুত্থানে সরিয়ে দেয়ার দাবি করলেও ওয়াশিংটন এখনও এ ব্যাপারে নিশ্চিত নয়। সোমবার মিসরের রাজধানী কায়রোতে মুরসির সমর্থকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুঁড়লে কমপক্ষে ৫১ জন নিহত ও ৪৩৫ জন আহত হয়। এই হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এ ঘটনা তদন্তে বিচার বিভাগীয় একটি কমিটি গঠনেরও ঘোষণা দেয়া হয়েছে। গত ৩০ জুন ছিল মুরসির দায়িত্ব গ্রহণের এক বছরপূর্তি। ৩ জুলাই রাতে মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে দেশের সংবিধান স্থগিত করে প্রধান বিচারপতি আদলি মানসুরকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হয়।