আজ বুধবার শুরু হচ্ছে হিন্দু সমপ্রদায়ের ধর্মীয় উত্সব রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতিবছর সূচিত হয় এই রথযাত্রার। ৯ দিন চলার পর উল্টো রথযাত্রা হয়। রথযাত্রা একেক অঞ্চলে একেক নামে পরিচিত। জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে। বাংলাদেশেও রথযাত্রা হিন্দুদের একটি পবিত্র উত্সব। ঢাকার উপকণ্ঠে ধামরাইয়ে এ রথযাত্রা যশোমাধবের রথযাত্রা নামে উপমহাদেশে বিখ্যাত।
হিন্দু ধর্মমতে-দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উত্সব আয়োজিত হয়ে থাকে। রথযাত্রার দিন দেশের সকল জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শন চক্র মূর্তি মন্দির বাহিরে সর্বসমক্ষে করা হয়। তারপর তিনটি সুসজ্জিত রথে বসিয়ে দেবতাদের পূজা সম্পন্নপূর্বক রথ টানা হয়। রথযাত্রা উত্সব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ঢাকার ৯ দিনব্যাপী অনুষ্ঠানমালা আজ থেকে শুরু হচ্ছে। ইসকনের স্বামীবাগ আশ্রমে আলোচনাসভাশেষে সেখান থেকে রথসহ বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে এটি শেষ হবে। ৯ দিন পর ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ আশ্রম পর্যন্ত উল্টো রথযাত্রা ও শোভাযাত্রার মধ্য দিয়ে উত্সব অনুষ্ঠানমালা শেষ হবে।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, আজ শুরু হতে যাচ্ছে ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথের মেলা। প্রস্তুতির সকল পর্ব ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বিকাল ৩-৩০ মিনিটে এবং রথযাত্রারম্ভ হবে বিকাল ৪-৪৫। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল জীবন কানাই দাস (অব.)। প্রধান অতিথি স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব বেনজীর আহমদ। বিশেষ অতিথি উজ্জল বিকাশ দত্ত সচিব, মত্স্য ও পশুপালন মন্ত্রণালয়, সন্দ্বীপ চক্রবর্তী, ডেপুটি হাইকমিশনার, ভারতীয় দূতাবাস, শেখ ইউসুফ হারুন, জেলা প্রশাসক এবং হাবিবুর রহমান, পুলিশ সুপার।
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, শ্রী যশোমাধব ও শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আজ বুধবার শুরু হবে। এ উপলক্ষে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী কালিমন্দির, ঘিওর, বানিয়াজুরী, কলতা, টেপড়া, দরগ্রাম, ধানকোড়া, ধূল্যা প্রভৃতি স্থানে মেলার আয়োজন করা হয়েছে। সর্ববৃহত্ রথযাত্রা পালনে ধামরাইয়ে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
ধামরাইয়ে আজ শুরু হচ্ছে ৪শ’ বছরের পুরোনো উত্সব যশোমাধবের রথযাত্রা। এ উপলক্ষে মাসব্যাপী মেলার আয়োজন রয়েছে। রথ উত্সব কেন্দ্র করে ধামরাইয়ে এখন সাজ সাজ রব। রথ মেলাকে কেন্দ্র করে ব্যবসায়ীরা প্রস্তুত। সাড়ে ১১ লাখ টাকার ইজারা পেয়েছেন ধামরাইয়ের গোলাম কবীর ও মুখছেদ আলী। ধামরাই মাধব মন্দির ও রথ মেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন জানান, ধামরাই পৌরসভার প্রধান সড়ক দিয়ে রথ টানা হয়। কিন্তু সড়কটি চলাচলের প্রায় অযোগ্য। কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে সড়ক সংস্কারের দাবি জানানো হয়েছে।
৪০ ফুট প্রস্থ, ৭৫ ফুট উচ্চ, ৩ তলার ৯ প্রকোষ্ঠ এবং ৯ মাথা বিশিষ্ট সৌন্দর্য মন্ডিত কারুকার্য খঁচিত ওই রথের ইতিহাস প্রায় ৪ শ’ বছরের পুরোনো। রথযাত্রা লাখো মানুষের মিলন মেলায় পরিণত হয়।
বাংলা ১০৭৯ সালে প্রথম জনৈক রাম জীবন রায় মৌলিক প্রতিষ্ঠিত বাঁশের তৈরি এ রথে মূর্তি চড়িয়ে যাত্রা শুরু হয়। ১২০৪ সালে তত্কালীন ঢাকা জেলার অন্তর্গত মানিকগঞ্জের বালিয়াটি জমিদার এ রথ নির্মাণের ব্যয়ভার বহন করেন। শিল্পী সুকান্ত বণিক বলেন, ভারত সরকার ২০১০ সালে ধামরাইয়ে পুরোনো রথের আদলে প্রায় কোটি টাকা ব্যয়ে নতুন রথ নির্মাণ করে দেয়।
গাজীপুর প্রতিনিধি জানান, আজ বুধবার শুরু হচ্ছে ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত গাজীপুরের ঐতিহ্যবাহী শ্রী মানিক্য মাধবের ৯ দিনব্যাপী রথাযাত্রা ও রথমেলা। সকাল ১০টার দিকে শহরের রথখোলায় সরকারি গণগন্থাগার সংলগ্ন বটমূলে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নান, আকম মোজাম্মেল হক এমপি, জাহিদ আহসান রাসেল এমপি, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. নূরুল হক প্রমুখ।
রথযাত্রাকে ঘিরে শহরের রথখোলা ময়দানে বিশাল মেলা বসেছে। ঐতিহ্যবাহী মানিক্য মাধবের এ রথমেলাটি প্রায় সোয়াশ’ বছরের পুরোনো।
রথমেলার প্রধান উত্সব হয় দু’দিন। প্রথম দিন রথযাত্রা এবং আটদিন পর উল্টো রথযাত্রা। এ দু’দিন জমজমাট মেলা বসে। রথযাত্রা শুরুর দিন হাজার হাজার সনাতন ধর্মপ্রাণ মানুষ রথ টানে অংশ নেয়। এ উপলক্ষে শহরের রথখোলায় ইতিমধ্যে রকমারি পণ্যের স্টল বসেছে। মেলায় সার্কাস, পুতুল নাচ, রাধাচক্কর ছাড়াও বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র, মাটির তৈরি জিনিস, তৈজসপত্র, বাঁশ- বেতের জিনিস, চুড়ি, খেলনা ইত্যাদি নানা রকমের পসরা বসেছে।
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের ভোগ বেতালে আজ বুধবার রথযাত্রা অনুষ্ঠিত হবে। ১৫৮৫ সালে সামন্ত রাজা নবরঙ্গ রায় পূর্ববঙ্গে সর্বপ্রথম রথ যাত্রার আয়োজন করেন। এক কালে ১০৫ ফুট উচ্চতাসম্পন্ন ৩২ চাকার রথ হাতি দিয়ে শ্রী অঙ্গন থেকে ১ কি.মি নিজস্ব সড়ক পথ দিয়ে গুন্ডিচা মন্দিরে নিয়ে যায়। বর্তমানে ৯ চাকার বিশাল রথটি আজও লক্ষাধিক ভক্ত টেনে গুন্ডিচা মন্দিরে নিয়ে যায়। রথযাত্রা উপলক্ষে বিরাট মেলা অনুষ্ঠিত হয়। সবচেয়ে আকর্ষণীয় পাখি মেলা। ১৫৯৫ সালে এগার সিন্ধুর দূর্গে ঈশাখাঁ সম্রাট আকবরের সেনাপতি মানসিংহকে মল্ল যুদ্ধে পরাজয়ের পর বিজয়ী সৈন্যরা বিজয় উল্লাস করেন রথমেলার প্রশন্ত রাস্তায়। প্রায় ২৬ একক ভূমির উপর প্রতিষ্ঠিত দেবালয়টিতে প্রতি বছরই রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে।
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা জানান, আজ বুধবার থেকে কচুয়ার ঐতিহ্যবাহী সাচার জগন্নাথধাম অঙ্গনে শ্রী জগন্নাথ দেবের ১৪৬তম রথযাত্রা শুরু হচ্ছে। বিকাল ৪টায় স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর রথযাত্রা উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। এ ধর্মীয় উত্সব উপলক্ষে বাংলাদেশসহ পার্শ্ববর্তী ভারতের আসাম থেকে বহু সংখ্যক ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণীর লোকজন সাচারে এসে ভিড় জমিয়েছে। মাসব্যাপী রথযাত্রা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা সাচার বাজার এলাকায় বিভিন্ন দোকানের পসরা সাজিয়েছে। অন্যান্য বছরের ন্যায় এবছরও প্রায় ২ হাজার দোকান এ রথযাত্রায় স্থান পাবে বলে আশা করা হচ্ছে। আজ রথযাত্রার শুভযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে পরের বুধবার ২য় ফিরতি রথযাত্রার রথ টানার মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা জানান, লোহাগড়ার কলেজপাড়ায় প্রায় ৪ শত বছরের প্রাচীন শ্রী জগন্নাথদেবের রথযাত্রা আজ বুধবার অনুষ্ঠিত হবে। সকালে মন্দিরে নামকীর্ওনের মধ্যে দিয়ে রথযাত্রা শুরু হবে। ভক্তদের মাঝে উত্সাহ আমেজের সৃষ্টি হয়েছে। জগন্নাথদেব মন্দিরের সভাপতি অজয় মজুমদার জানান, প্রতি বছর আমরা লোহাগড়ার হিন্দু মুসলিম সৌহার্দ্য সম্প্রীতির মাধ্যমে রথযাত্রা করে আসছি। ১৮ জুলাই বৃহস্পতিবার পুনঃরথযাত্রা শেষ হবে।
