সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার জিতল বিবর্তন

আপডেট : ১০ জুলাই ২০১৩, ১৯:২৫
যশোর যশোরে নারীর অধিকার বিষয়ক ৪ দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে নাট্য সংগঠন বিবর্তন যশোর। ২য় পুরস্কার ৫০ হাজার টাকা জিতে নেয় সাতক্ষীরার সুশীলন। মাগুরা জেলার শ্রীপুরের সারথী কল্যাণ ফাউন্ডেশন পেয়েছে ২৫ হাজার টাকার ৩য় পুরস্কার। ১০ হাজার টাকা করে পেয়েছে ময়মনসিংহের অনসাম্বল থিয়েটার, যশোরের পুনশ্চ, তির্যক ও নৃত্যবিতান। গত ৩০ জুন রাতে এ পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। রবিবার সকাল ১০টা থেকে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাতে পুরস্কার বিতরণ উপলক্ষে আরআরএফ’র সভাপতি তারাপদ দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আরআরএফ’র নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস, উপ-নির্বাহী পরিচালক পিংকু রীতা বিশ্বাস, শিশু নিলয়ের নির্বাহী পরিচালক নাসিমা বেগম, মাহফুজা আক্তার প্রমুখ। নারীর অধিকার বিষয়ক কর্মকাণ্ডের প্রদর্শনী স্টলের ওপরও পুরস্কার দেওয়া হয়। শ্রেষ্ঠ স্টলের ২০ হাজার টাকার প্রথম পুরস্কার লাভ করে বাংলাদেশ মহিলা পরিষদ, যশোর জেলা শাখা। ২য় হয়েছে যশোরের দোলা সমাজ উন্নয়ন সংস্থা। রিলিফ ইন্টারন্যাশনাল ও রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) এ প্রতিযোগিতা ও মেলার আয়োজক। গত ৪ জুলাই থেকে যশোর জিলা স্কুল মাঠে ৪ দিনের এ শুরু হয়। দেশের ২৭টি সংগঠন এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ২১টি সংস্থা স্টল দেয়।