ভিন্ন চরিত্রে
ছোটপর্দার ব্যস্ততম অভিনেত্রী হোমায়রা হিমু ‘মৌ-নীতি’ নামের নাটকে ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। মাসুদুল হকের রচনা ও আদনান ফরহাদের পরিচালনায় সম্প্রতি সোনারগাঁয়ের বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত ‘মৌ-নীতি’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, হুমায়রা হিমু, মাহমুদুল ইসলাম মিঠু, টুটুল চৌধুরী, এস এম মহসীন, সাগরিকা নাসরীন, সবুজ, পাপেলসহ আরও অনেকে। আসছে ঈদুল ফিতরের অনুষ্ঠানে নাটকটি গাজী টেলিভিশনে প্রচার হবে।
ঢাকাইয়া কন্যা
আসছে ঈদের জন্য নির্মাণ হয়েছে একক নাটক ‘বাখরখানি টু বার্গার’। গোলাম রাব্বানীর রচনায় নাটকটি নির্মাণ করেছেন এইচ এম আজিজ। এ নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জেনি। নাটকের গল্পে দেখা যাবে, পুরান ঢাকার স্থায়ী বাসিন্দারা ক্রমশ নতুন ঢাকার দিকে চলে যাচ্ছে। পুরান ঢাকার নিজস্ব কৃষ্টি কালচার দিন দিন লুপ্ত হতে বসেছে। বাখরখানির চেয়ে এখন বার্গার বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। এই নতুন ঢাকা আর পুরান ঢাকার জীবন যাত্রার যে বৈচিত্র্য তা নিয়েই নাটকটির গল্প তৈরি হয়েছে। এ ছাড়া আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, মনিরা মিঠু, শাহেদ আলী সুজন, কাজী উজ্জ্বল প্রমুখ। সম্প্রতি পুরান ঢাকার বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং শেষ হয়েছে। ‘বাখরখানি টু বার্গার’ আসছে ঈদে যেকোনো একটি চ্যানেলে প্রচারের কথা রয়েছে।
আবারও মিস ইন্ডিয়ায়
ভারতের সুন্দরী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘মিস ইন্ডিয়া’য় গান পরিবেশন করতে যাচ্ছেন রক তারকা তিশমা। আগামী ২৭ জুলাই কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে তিশমার সঙ্গে ভারতের স্বনামধন্য তারকারা গান গাইবেন। এ প্রসঙ্গে তিশমা বলেন, ‘গত বছরও আমি বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে ভারতে গিয়েছিলাম। আশা করছি, এবারও শ্রোতাদের বাংলা গানে মাতিয়ে রাখতে পারব।’ এদিকে, তিশমা একসঙ্গে তিনটি অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে একটি অ্যালবাম পূর্ণাঙ্গ রক মিউজিক দিয়ে সাজানো হয়েছে। অন্যটি তিনি সাজিয়েছেন সফট, মেলোডি ও শাস্ত্রীয় ধারার গান দিয়ে। আর শেষের অ্যালবামটি হচ্ছে, ২০১১ সালে প্রকাশিত তিশমার ‘এক্সপেরিমেন্ট’ অ্যালবামের নতুন ভার্সন। সবগুলো অ্যালবামের কাজ প্রায় শেষ। এখন অপেক্ষা শুধু প্রকাশের। আগামী বছর তিনি ‘রকস্টার’ অ্যালবামটি প্রকাশ করবেন।
নতুন লক্ষ্য নিয়ে
নতুন লক্ষ্য নিয়ে অভিনয়ের মাঠে নেমেছেন লাক্সতারকা নাফিজা জাহান। তিনি আর আগের মতো অধিকসংখ্যক নাটকে অভিনয় করবেন না বলে জানিয়েছেন। এখন থেকে তিনি কেবলমাত্র মানসম্পন্ন নাটক-টেলিছবিতেই অভিনয় করবেন। নাফিজা মনে করেন, কম কাজে নিজের সৃজনশীলতাকে সঠিকভাবে উপস্থাপন করা যায়। তা ছাড়া মানসম্পন্ন কাজের গ্রহণযোগ্যতাও বেশি থাকে। তাই তার মূল লক্ষ্য, কম কাজের মাধ্যমে দর্শকমহলে নিজের গ্রহণযোগ্যতাকে আরও বাড়িয়ে তোলা। ঈদ উপলক্ষে নাফিজা হাসান জাহাঙ্গীরের পরিচালনায় ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘হাল্কা ধান্দাবাজ’-এর কাজ সম্প্রতি শেষ করেছেন। এ ছাড়া তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘মায়া’, ‘পঞ্চ প্রেমিক’ এবং ‘ইতি দুলাভাই’ নিয়মিত প্রচার হচ্ছে।
এবার রবীন্দ্রসংগীতের অ্যালবাম
ছোটবেলায় কিংবা বড় হয়ে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুন কখনও রবীন্দ্রসংগীতের চর্চাও করেননি। কিন্তু এইতো ক’দিন আগে পার্থ মজুমদারের সংগীতায়োজনে একটি রবীন্দ্র সংগীত গাইতে গিয়ে অনুভব করলেন বেশ ভালোই গান তিনি। পরিকল্পনা ঠিক তখনই করলেন, এবার আগুন রবীন্দ্র সংগীতের অ্যালবাম করবেন। সেদিনই এই পরিকল্পনা অনুযায়ী তিনি ধারণ করলেন ‘এই কথাটি মনে রেখো’ গানটি। এ প্রসঙ্গে আগুন বলেন, ‘নিজের গায়কী শুনে আমি নিজেই মুগ্ধ। তাই শ্রোতাদের আমার কণ্ঠে রবীন্দ্র সংগীত ভালো লাগবে এটা নিশ্চিত বলতে পারি।’
