টিপু সুলতানের হাতি

আপডেট : ১০ জুলাই ২০১৩, ১৯:৩৩
বহুমাত্রিক চরিত্রে অভিনয়ের কারণে অনেকে জাহিদ হাসানকে এই সময়ের ‘অভিনয়ের নবাব’ বলেও অভিহিত করেন। জনপ্রিয় এই অভিনেতা এবার ঐতিহাসিক ‘টিপু সুলতান’ চরিত্রে অভিনয় করেছেন। হিমু আকরামের রচনা ও পরিচালনায় ‘টিপু সুলতানের হাতি’ নাটকে দর্শকরা তাকে এই চরিত্রে দেখতে পাবেন। আসছে ঈদের জন্য নির্মিত এই নাটকের শুটিং হয়েছে সম্প্রতি গাজীপুরের খতিব খামার বাড়িতে। এর লোকেশন ঘুরে এসে লিখেছেন অজেয় চৌধুরী টিপু সুলতান গ্রামের সহজ সরল একজন মানুষ। তাকে টিপু কিংবা সুলতান বলে ডাকলে সে রাগ করে। কিন্তু নবাব টিপু সুলতান বলে তাকে ডাকলে সে খুব খুশি হয়। লুঙ্গি গেঞ্জি পড়ে থাকলেও তার মাথায় সবসময়ই একটি মুকুট থাকে। তার প্রচণ্ড ইচ্ছে ইতিহাসের টিপু সুলতানের মতোই হাতির পিঠে চড়ে বিয়ে করা। সত্যিই হাতির পিঠে চড়ে টিপু সুলতান বিয়ে করতে যায়। কিন্তু তার আগের রাতেই পাত্রী অন্য আরেকজনের হাত ধরে পালিয়ে যায়। রাজকীয় পোশাক আর হাতি রেখে খালি গায়ে ফিরে যায় টিপু সুলতান। কমেডিধর্মী এই নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘হিমু আকরামের পরিচালনায় প্রায় পাঁচ বছর যাবত কাজ করছি। তার লেখা গল্পগুলো যেমন অসাধারণ ঠিক তেমনি তার নির্মাণশৈলীও চমত্কার। টিপু সুলতান চরিত্রে অভিনয় করতে ভীষণ ভালো লেগেছে। তবে হাতির পিঠে চড়তে খানিকটা ভয়ও লেগেছে। নাটকটি দর্শকের ভালো লাগবে বলে আশা করি।’ এই নাটকে শুটিং হয়েছে সম্প্রতি গাজীপুরের খতিব খামার বাড়িতে। যুবরাজ ফিল্মস প্রযোজিত ‘টিপু সুলতানের হাতি’ নাটকে আরও অভিনয় করেছেন রিফাত চৌধুরী, ফারুক আহমেদ, সফিউল আজম পিন্টু, দিশা ও সীমান্ত। জাহিদ হাসান হিমু আকরামের নির্দেশনায় প্রথম কাজ করেন ২০০৯ সালে ‘ম্যানেজিং ডিরেক্টর’ নাটকে। এরপর ‘কাবাব মে হাড্ডি’, ‘আলাল দুলাল নেপালে’, ‘নজিরবিহীন নজর আলী’, ‘জয়নাল জাদুকর’, ‘সিনিয়র আর্টিস্ট’সহ অসংখ্য আলোচিত নাটকে অভিনয় করেছেন। নাটকের পরিচালক হিমু আকরাম বলেন, ‘এর গল্পের পটভূমি সব কিছুই করা হয়েছে জীবনঘনিষ্ঠ করে। যা নিঃসন্দেহে একটা আলাদা অনুভূতির জন্ম দিবে দর্শকদের মাঝে।’ উল্লেখ্য, ‘টিপু সুলতানের হাতি’ আসছে ঈদে প্রচার হবে।