এই ঈদে চিত্রনায়িকা অপি!

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২০:৫০
বেশ ক’বছর ধরেই নাটকে অনেকটাই অনিয়মিত কাজ করছেন একসময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী অপি করিম। গত ঈদে তার একেবারেই হাতে গোনা দুয়েকটি নাটক প্রচার হয়। এবারও তার অভিনীত নাটকের সংখ্যা এ রকমই হবে। তবে হাতে গোনা কিংবা অনিয়মিত কাজ করলেও নিজের কাজের গুণগত মানের ব্যাপারে খুব বেশি মনোযোগী তিনি। তাই কাজগুলো আলোচিতও হয় বটে। এবারের ঈদে প্রচারিতব্য একটি টেলিফিল্মে সম্প্রতি অভিনয় করলেন তিনি। ‘জেসমিন ও তার একগুচ্ছ ফুল’ শিরোনামের এই টেলিফিল্মটিতে অপি করিম একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। এই টেলিফিল্মটির পরিচালনা করেছেন সাগর জাহান। এতে অপি করিমের বিপরীতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। এখানে অপিকে একজন সিনেমার হিট নায়িকা চরিত্রে এবং দিনারকে কবি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। একজন চিত্রনায়িকার জীবনের সাথে কবি ও বন্ধু দিনারের গল্প এবং সাথে মৃত একজন শিশুর কাহিনীকে ঘিরেই এই টেলিছবির গল্প বলে জানিয়েছেন এর পরিচালক।