শেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২০:৫৪
গতকাল বুধবার দেশের উভয় শেয়ারবাজারের সূচক আগের দিনের তুলনায় বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে প্রায় ১ হাজার ৪০ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় আড়াইশ কোটি টাকা কম। তবে হাজার কোটি টাকার উপর লেনদেন হওয়া ইতিবাচক বলেই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, রাজনৈতিক ইতিবাচক ধারা ও রফতানি আয়ে বড় অগ্রগতির ফলে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়েছে। ফলে ডিএসই’র সূচক ৪৭৭০ পয়েন্টে চলে এসেছে। যা গত ১৮৮ কর্মদিবসের মধ্যে সর্বোচ্চ। এদিকে গতকালও বাজারে লেনদেনের ক্ষেত্রে এগিয়ে ছিল জ্বালানি খাত। এ খাতে লেনদেন হয়েছে ২১৫ কোটি টাকা। যা বাজারের মোট লেনদেনের ২০ ভাগ। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ৮৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৪০ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ২৫৪ কোটি টাকা কম। লেনদেনকৃত কোমপানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের। এদিকে রমজান মাসে দেশের উভয় শেয়ারবাজার ডিএসই এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন ৪ ঘণ্টার পরিবর্তে ৩ ঘণ্টা হবে। ডিএসই ও সিএসইসূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, রমজান মাসে ডিএসই ও সিএসই’র লেনদেন সকাল সাড়ে ১০টার পরিবর্তে বেলা ১১টায় শুরু হবে। আর লেনদেন শেষ হবে আড়াইটার পরিবর্তে দুপুর ২টায়। তবে ডিএসইতে স্পট মার্কেট দুপুর আড়াইটা পর্যন্ত এবং সিএসইতে স্পট মার্কেট ২টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে। ডিএসই’র অফিসের কার্যক্রম সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। বর্তমানে ডিএসই’র অফিস কার্যক্রম সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলছে। ডিএসই আরো জানিয়েছে, সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চেক গ্রহণ করা হবে।