আগামী দুই বছরে দেশি মোটরসাইকেল উত্পাদনকারী প্রতিষ্ঠান রানার অটোমোবাইল তাদের দৈনিক উত্পাদন এক হাজারে উন্নীত করবে। আর এটা করতে পারলে দেশীয় চাহিদা পূরণ করে রফতানি করাও সম্ভব। তবে এজন্য সরকারি নীতি সহায়তা প্রয়োজন। উদ্যোক্তাদের এ আশাবাদের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বর্তমান সরকার শিল্পবান্ধব। শিল্প উন্নয়নের জন্য অর্থবছরের বাজেটে সবধরনের সুযোগ সুবিধা দেয়া হয়েছে। ভবিষ্যতে আরো সুবিধা দিতে বর্তমান সরকার আন্তরিক। গতকাল ময়মনসিংহের ভালুকায় রানার অটোমোবাইল পরিদর্শনকালে মন্ত্রী এ আশ্বাস দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। মন্ত্রীর পরিদর্শনের সময় কারখানায় উপস্থিত হয়েছিলেন সংসদ সদস্য প্রফেসর ড. এম আমানউল্লাহ, খালিদ মাহ্মুদ চৌধুরী, রানার অটোমোবাইলসের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ভাইস-চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ব্রিগে. জেনারেল (অব.) শফিকুজ্জামান, এনবিআর সদস্য মো. বশির উদ্দিন আহমেদসহ অনেকে।
২০০৭ সালে ময়মনসিংহের ভালুকায় রানার মোটরসাইকেলের কম্পোনেন্টস্ তৈরির মাধ্যমে স্থানীয়ভাবে মোটরসাইকেল উত্পাদন শুরু করে রানার অটোমোবাইলস্ লিমিটেড। এখানে যেসব পণ্য উত্পাদন করা হয় তার মাত্র ২০ শতাংশ আমদানি নির্ভর। বাকি ৮০ শতাংশ দেশীয়ভাবে উত্পাদন করা হচ্ছে। বর্তমানে এ ফ্যাক্টরীতে ৫০ সি.সি থেকে ১৫০ সি.সি পর্যন্ত মোটরসাইকেল উত্পাদিত হচ্ছে।
