উড়ল সুপারম্যান
‘ম্যান অব স্টিল’ সিনেমার বিজ্ঞাপনের জন্য মানুষ আকৃতির রেডিও-কন্ট্রোলারযুক্ত ‘সুপারম্যান প্লেন’ ওড়ানো হয়েছে যুক্তরাষ্ট্রের আকাশে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ডিজাইনার ও ইঞ্জিনিয়ার অটো ডিফেনবাখ এই সুপারম্যানটি তৈরি করেছেন। হালকা স্টায়রোফোম দিয়ে বানানো ওই রোবটটি ঘণ্টায় প্রায় ৩০ মিটার বেগে উড়তে পারে। এখন পর্যন্ত বিজ্ঞাপনের জন্যই এটি ব্যবহার করা হচ্ছে। ডিফেনবাখ ও তার ব্যবসায়িক সহযোগী এড হ্যানলেই বলেন, এটি খুচরো পর্যায়ে বিক্রির জন্য তাদের কোনো পরিকল্পনা নেই।—স্কাইনিউজ
জঞ্জাল অপসারণে গোয়া
ভারতের সৈকত শহর গোয়াকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও জঞ্জালমুক্ত করতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখার তাগিদেই এ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সমপ্রতি গোয়ার মুখ্যমন্ত্রী জার্মানির কাইজার্সলাউটার্ন শহরে গেলে সেখানকার পরিষ্কার-পরিচ্ছন্নতা দেখে মুগ্ধ হন তিনি। এ কারণে তিনি একই আদলে গোয়াকে সুন্দর করার নির্দেশনা দেন। প্রাথমিকভাবে সেখানে বর্জ্য ব্যবস্থাপনার জন্য তিনটি কারখানা বসানোর ঘোষণা দেন, যার মাধ্যমে দৈনিক ৩শ’ টন আবর্জনা প্রক্রিয়াকরণ সম্ভব।—ডয়চে ভেলে
ব্যালট পেপার ১ মিটার!
অস্ট্রেলিয়ার একটি প্রদেশের আসন্ন সিনেট নির্বাচনের ব্যালট পেপারের দৈর্ঘ্য দাঁড়িয়েছে এক মিটার! শুধু তাই নয় এর লেখা এতোই ছোট যে পড়তে লাগবে আতশি কাঁচ। তাই সহজে পছন্দের প্রার্থী বেছে নিতে ভোটারদের কয়েক হাজার আতশি কাঁচ সরবরাহ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানায়, ভিক্টোরিয়ার ইতিহাসে এটিই হবে সবচেয়ে লম্বা ব্যালট পেপার। সব প্রার্থীর নাম আঁটাতে ব্যালট পেপারের লেখার আকারও হয়েছে অনেক ছোট। এজন্য ভোটারদের সুবিধার্থে আতশি কাঁচ সরবরাহ করা হচ্ছে। —ডেইলি সান
সেতু ভেঙ্গে নদীতে
পশ্চিম চীনের ঝিয়াংইউ শহরে একটি নদীর উপর ভেঙ্গে পড়েছে সেতু। বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি গাড়ি নদীতে তলিয়ে যায়। তবে দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছে সে সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। দমকল বাহিনী ইতিমধ্যে সেখান থেকে জীবিত অবস্থায় তিনজনকে উদ্ধার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেতুটি ধসে পড়ার পর কয়েকটি গাড়ি, ট্রাক ও কয়েকজন পথচারী নদীতে পড়ে যায়। দমকল কর্মীরা জানান, গত কয়েকদিনে প্রবল বৃষ্টিতে নদীর পানি বেড়ে যাওয়ায় উদ্ধার তত্পরতা ব্যাহত হচ্ছে।—পিটিআই
