নারায়ণগঞ্জে পৌর নির্বাচন

বিপর্যয়ের কারণ জানতে বিএনপির স্থানীয় নেতাদের কেন্দ্রে তলব

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২১:৫৩
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুইটি পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থীদের ভরাডুবির ঘটনায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সিনিয়র নেতারা ক্ষুব্ধ হয়েছেন। পরাজয়ের কারণ জানতে চেয়ে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামানকে তলব করেছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রতিক সময়ে দেশের সিটি করপোরেশনগুলোর নির্বাচনে বিএনপি প্রার্থীদের জয়জয়কার হলেও কেন আড়াইহাজারে বিএনপি প্রার্থীদের পরাজয় ঘটেছে সেটা জানতে চাওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং- এর সদস্য শাহিরুল কবির মঙ্গলবার দুপুরে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামানকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব তলব করে আড়াইহাজারের দুই পৌরসভায় বিএনপির প্রার্থীদের পরাজয় জানতে চেয়েছেন। এছাড়া দলের দুর্বলতা কাটাতেও নির্দেশ দেয়া হয়েছে। কি কি কারণে পরাজয়, সেখানে সরকারদলীয় লোকজন ও এমপি আদৌ কোন প্রভাব বিস্তার করেছে কি না, কারচুপি হয়েছে কি না সেসবের বিবরণ জানতে চাওয়া হয়।