নারায়ণগঞ্জে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২১:৫৫
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নাজমুল হোসেন (১৭) নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে পাগলার মুসলিমপাড়া এলাকার ভাড়া বাসা থেকে ওই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাজমুল পাগলা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। সে পাগলার মুসলিমপাড়া এলাকার হাজী সামছুল মিয়ার ভাড়াটিয়া আব্দুর রবের ছেলে। আব্দুর রব জানান, সোমবার বিকালে তারা নাজমুলকে বাসায় রেখে ফরিদপুর যান। ওইদিন নাজমুল বাবা-মাকে লঞ্চে উঠিয়ে দিতে সদরঘাট গিয়েছিল। রাত সাড়ে ১১টার দিকে মামা শিপনের বাড়িতে ভাত খেয়ে বাসায় চলে যায় নাজমুল। মঙ্গলবার বিকালে শিপন নাজমুলের খোঁজ নিতে এসে দেখেন ঘরের দরজা বাইরে থেকে আটকানো। পরে দরজা খুলে দেখেন ভেতরে নাজমুলের লাশ পড়ে আছে। ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, নাজমুলের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার দিবাগত রাতে কোন এক সময় তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।