গেটম্যান না থাকায় ট্রেন ও টেম্পোর সংঘর্ষে নিহত ৪

আপডেট : ১০ জুলাই ২০১৩, ২২:০৫
রেল ক্রসিংয়ে গেটম্যান না থাকায় ট্রেন ও যাত্রীবাহী টেম্পোর মুখোমুখী সংঘর্ষে টেম্পো চালক ও শিশুসহ চারজন নিহত এবং মহিলাসহ ছয়জন আহত হয়েছে। গত মঙ্গলবার টাঙ্গাইল মির্জাপুর উপজেলার ডোকলাহাটি এলাকার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন ডোকলাহাটি গ্রামের হেলাল উদ্দিনের পুত্র টেম্পো চালক তারিফ হোসেন (২৬) এবং সুনামগঞ্জের মুক্তার হোসেন (৩৮)। অপর দুইজনের পরিচয় পাওয়া যায়নি। আহতরা হচ্ছে আলামিন, কিবরিয়া, শাম্মী, সাহিদা, শারমিন ও সরাফাত। তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রী কিবরিয়া জানায়, বিকাল তিনটার দিকে চালক টেম্পোটি ডোকলাহাটি রেল ক্রসিংয়ের ওপর দিয়ে নিয়ে যাওয়ার সময় টেম্পোটি হঠাত্ বন্ধ হয়ে গেলে রাজশাহীগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চালকসহ তিনজন মারা যায়। পরে কুমুদিনী হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যায়। কুমুদিনী হাসপাতালে গুরুতর অবস্থায় ছয়জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। ঘটনার পর রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মির্জাপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নাসরিন সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশুগঞ্জে এ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত-২ আশুগঞ্জ সংবাদদাতা জানান, উপজেলার বাহাদুরপুর বাসস্ট্যান্ডের কাছে মঙ্গলবার ভোরে ট্রাক এ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। নিহতরা হলেন: এ্যাম্বুলেন্স চালক কুমিল্লা জেলার বরুড়া উপজেলার সবুজ ও হেলপার মিঠুন। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়- ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর বাসস্ট্যান্ডের কাছে সিলেটগামী একটি এ্যাম্বুলেন্সের সঙ্গে ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এ্যাম্বুলেন্স চালক সবুজ ও হেলপার মিঠুন মারা যায়। এই দুর্ঘটনায় মহাসড়কে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা জানান, বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মহিলাসহ তিনজন নিহত হয়েছে। নিহতরা হল উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের ফারুখ হাওলাদারের স্ত্রী শিউলি (২৫), হোগলাবুনিয়া গ্রামের রুস্তম আলী ফকিরের পুত্র জাহিদ ( ৪০) ও তেঁতুুলবাড়িয়া গ্রামের রিয়াজ হোসেনের স্ত্রী লাইজু (৩২)। আহত হয় অর্ধশতাধিক। মঙ্গলবার দুপুরের দিকে মোরেলগঞ্জ থেকে ঢাকাগামী ফালগুনী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-০০১৬) সাথে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের (ঢাকা মেট্রো-ব-০৪-৬০৭৬) মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পূর্বদিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই মোরেলগঞ্জে ফালগুনী পরিবহনের কাউন্টার ভাংচুর করা হয়।