রামগড়ে বিএনপির দক্ষ ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে অযোগ্যদের হাতে নেতৃত্ব তুলে দেয়ার প্রেক্ষাপটে গত মঙ্গলবার রাতে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে। এ সম্মেলনে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি বেলায়েত হোসেন ভূঞা সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন, সাংগঠনিক রীতিনীতি লংঘন করে রামগড় উপজেলা ও পৌর বিএনপির কমিটি থেকে ৯৮ জন দক্ষ ও ত্যাগী নেতাকে বাদ দেয়া হয়েছে। এসব বঞ্চিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে রামগড়ে নাগরিক পরিষদ নামে একটি সামাজিক সংগঠন করা হয়েছে। এই সংগঠন রামগড়কে সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত করে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ যোগ্য ও দক্ষদের নির্বাচিত করার জন্য কাজ করবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক পরিষদের উপজেলা সেক্রেটারি মহিউদ্দিন হারুণ। উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ভূঞার বাসভবনে অনুষ্ঠিত সম্মেলনে নাগরিক পরিষদের উপজেলা শাখার সহ-সভাপতি মোস্তফা হায়দার চৌধুরি, মজিবুর রহমান বাবুল, আবুল হাসেম মেম্বার, পৌর শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান মতি, সাধারণ সম্পাদক আক্রাম হোসেনসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
