শেরপুরের এক কলা ব্যবসায়ী ছেলেকে মা হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোরে এ হত্যার ঘটনা ঘটে। নিহত আমেতন বেগম (৪২) পৌর শহরের কামারিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড় ছেলে আমেজ উদ্দিনের (২৫) সঙ্গে দেড় কাঠা জমির হিস্যা নিয়ে মায়ের বিরোধ ছিল। ঘটনার রাতে আমেজ মাকে মারধর করে।
এ সময় মা আমেতন বাড়ির পাশেই শেখহাটি বাজারে এসে কান্নাকাটি করে লোকজনকে ঘটনাটি জানিয়ে বাড়ি চলে যায়। কিন্তু মঙ্গলবার সকাল থেকে তার শোবার ঘরের দরজা বাইরে থেকে তালা দেয়া থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। দুপুরে আমেজ তার মা মারা গেছে বলে সবাইকে জানায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেন, সূরতহালে দেখা গেছে নিহত মহিলার মাথায় বালিশের তুলা লাগানো ছিল। সন্দেহ করা হচ্ছে হয়তো বালিশ চাপা দিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। ময়না তদন্তে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।
