হোমনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী ও উচ্চমান সহকারী কর্তৃক উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন্নাহার বেগমকে লাঞ্ছিতের প্রতিবাদে হোমনায় বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট করেছে উপজেলার প্রাথমিক শিক্ষকরা।
বুধবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি থেকে শিক্ষকদের একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ প্রদর্শন করে। উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির সেক্রেটারী মুসলেহ উদ্দিন, যুগ্ম সম্পাদক সাইদুল, আনোয়ার, নজরুল ইসলাম ও আবদুস ছাত্তার প্রমুখ। বক্তারা ২৪ ঘন্টার মধ্যে অফিস সহকারী দিপনজয় ও উচ্চমান সহকারী আবু তাহেরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তা না হলে আগামী রবিবার থেকে দু’ঘন্টা করে কর্মবিরতি পালনসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেন। পরে তারা উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর নিকট স্মারকলিপি দেন।
এ ব্যাপারে ইউএনও মো. হেলাল হোসেন বলেন, শিক্ষিকাকে লাঞ্ছিতের ঘটনা শুনে তাত্ক্ষণিকভাবে এসিল্যান্ডকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি। টিইও ওবায়দুল কবির খান, এটিইও কবির হোসেন ও শিক্ষক সমিতির সেক্রেটারী মুসলেহ উদ্দিন শিক্ষিকা লাঞ্ছিতের ঘটনার সত্যতা স্বীকার করেন।
