বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক এবং সফররত জার্মান সংসদীয় প্রতিনিধিদল জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তার কার্যালয়ে সাক্ষাত্ করেন। বুধবার পৃথক বৈঠকে হাইকমিশনার ও জার্মান সংসদীয় প্রতিনিধিদল স্পিকারের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
সংসদ সচিবালয় জানিয়েছে, বৈঠকে অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক বলেন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে বিরাজমান দ্বিপাক্ষিক সম্পর্ক চমত্কার এবং বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে তা ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় শিক্ষার সুযোগ সম্প্রসারিত হওয়ায় হাইকমিশনারের মাধ্যমে স্পিকার দেশটির সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে স্পিকারের সাথে সাক্ষাতের সময় সফররত জার্মান সংসদীয় প্রতিনিধিদলে ছিলেন রেনাটে ক্রিনাস্ট এমপি ও উডো কেকেরিতজ এমপি ও তাদের সফরসঙ্গীরা। জার্মান সংসদীয় প্রতিনিধিদলের সাথে আলোচনাকালে স্পিকার বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে পোশাক শিল্প একটি অন্যতম গুরুত্বপূর্ণ খাত। এ খাতের অব্যাহত অগ্রগতি নিশ্চিত করতে সরকার শ্রমিকদের কর্মপরিবেশের উন্নয়ন ও নিরাপত্তা বৃদ্ধিসহ সকল বিষয়ে কাজ করে যাচ্ছে।
