সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে ব্যাংকিং খাতের একাধিক দুর্নীতি, অর্থ আত্মসাত্ ও জাল-জালিয়াতির প্রকাশ পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগের মঙ্গলবারের নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বাংলাদেশ ব্যাংকের কিছু সংবেদনশীল সংবাদ বিভিন্ন গণমাধ্যমে অনভিপ্রেতভাবে প্রকাশিত ও প্রচারিত হচ্ছে। এতে একদিকে যেমন ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে দাপ্তরিক কাজে জটিলতার উদ্ভব হচ্ছে। এ ধরনের সংবাদ প্রকাশ ২০১২ সালের ১৬ সেপ্টেম্বরের নির্দেশনার সুস্পষ্ট লংঘন। এতে আরও বলা হয়েছে, গত ৮ জানুয়ারি মাসে এক অফিস নির্দেশের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের পক্ষে সংবাদ মাধ্যমে তথ্য দেয়ার জন্য মুখপাত্র হিসাবে নির্বাহী পরিচালক মো. মাহফুজুর রহমান এবং পরবর্তিতে সহকারী মুখপাত্র হিসেবে মহাব্যবস্থাপক এফএম মোকাম্মেল হক ও এএফএম আসাদুজ্জামান নিয়োজিত রয়েছেন। এমন প্রেক্ষাপটে বিভিন্ন গণমাধ্যমে মুখপাত্র এবং সহকারী মুখপাত্রের মাধ্যমে প্রয়োজনীয় ক্ষেত্রে তথ্য প্রদানের পরামর্শ দেয়া যাচ্ছে।
