বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের মিছিলে গুলি করে শ্রমিক সোহাগকে হত্যা ও কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ। গতকাল বিকালে তোপখানা রোডের অস্থায়ী কার্যালয়ে পরিষদের সমন্বয়কারী রফিকুল ইসলাম পথিকের সভাপতিত্বে এক সভায় এই নিন্দা জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন মীর মোফাজ্জল হোসেন, বজলুর রশীদ ফিরোজ, শবনম হাফিজ, এএম ফয়েজ হোসেন, সাইদুল গনি প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, শ্রম আইন না মেনে শ্রমিকদের বেতন-ভাতা ও অন্যান্য পাওনা পরিশোধ না করেই রামপুরার ফ্যাশন আইল্যান্ড কারখানাটি অন্যায়ভাবে বন্ধ করে দেয়া হয়। অবিলম্বে ফ্যাশন আইল্যান্ড গার্মেন্টসের শ্রমিকদের যাবতীয় পাওনা পরিশোধের জন্য সরকার ও বিজিএমইএ’র প্রতি আহ্বান জানান তারা। একই সাথে তারা নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের উপযুক্ত সুচিকিত্সার দাবি জানান।
